জাতীয়করণ করা কলেজশিক্ষকদের ক্যাডার না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণ হতে যাওয়া কলেজশিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি করার বিষয়টি মানবে না বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। ১৬ নভেম্বরের মধ্যে ওই সব কলেজশিক্ষককে নন-ক্যাডারে অন্তর্ভুক্ত করে বিধিমালা করতে সরকারকে সময় বেঁধে দিয়েছে সংগঠনটি।

আজ শনিবার দেশের নয়টি বিভাগীয় সাংগঠনিক এলাকায় সমাবেশ করে এই সময় বেঁধে দেওয়া হয়। সংগঠনটির সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্রথম আলোকে বলেন, ১৬ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৭ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ নেই, সেখানে একটি করে বেসরকারি কলেজকে সরকারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন পর্যন্ত সারা দেশের ২৮৩টি কলেজকে জাতীয়করণের জন্য তালিকাভুক্ত করেছে সরকার। এসব কলেজের শিক্ষকেরা দাবি করে আসছেন, আগের মতো তাঁদেরও বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এর বিরোধিতা করে আসছে।


বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলে আসছেন, কয়েকটি ধাপে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে একজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগ দেন। এখন জাতীয়করণ হওয়া শিক্ষকেরা যদি সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হন, তাহলে সমস্যাটা বাড়বে। তাঁদের দাবি, বিসিএস ক্যাডার সদস্যদের সব সুবিধা অক্ষুণ্ন রেখে জাতীয়করণ হওয়া শিক্ষকদের জন্য পৃথক পরিচালনা, নিয়োগ, জ্যেষ্ঠতা ও পদোন্নতির নীতিমালা করতে হবে।