জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের জন্য আলাদা বিধিমালা প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণ করা বেসরকারি কলেজের শিক্ষকদের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। এসব কলেজের শিক্ষকদের পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনা ও চাকরির জন্য আলাদা বিধিমালা প্রণয়ন করারও দাবি জানান সমিতির নেতারা।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সমিতির চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের সহসভাপতি অধ্যাপক সুকুমার দত্ত।
লিখিত বক্তব্যে বলা হয়, বেসরকারি কলেজ জাতীয়করণে সরকারি উদ্যোগের সঙ্গে সমিতি একমত। তবে সংশ্লিষ্ট কলেজগুলোতে কর্মরত শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে নীতিমালা প্রণয়ন করে বাস্তবায়ন করা প্রয়োজন। যাতে সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিসিএস পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে যোগদান করা কর্মকর্তাদের স্বার্থ ও মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ন না হয়।
অভিন্ন ও সুনির্দিষ্ট শর্তাবলি ছাড়া প্রশাসন, পররাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্যসহ ২৮টি বিসিএস ক্যাডারের কোনোটিতেই যোগদান করার সুযোগ নেই বলে জানান সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে সুকুমার দত্ত বলেন, ‘দুই দশক ধরে বিভিন্ন সময়ে কলেজ জাতীয়করণের সুযোগে বেসরকারি শিক্ষকদের ক্যাডারভুক্ত করা হচ্ছে। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ক্যাডারভুক্তির এ ধারা বন্ধের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এভাবে ক্যাডারভুক্ত করার কারণে শিক্ষা ক্যাডার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ঝরনা খানম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুল মুবিন, সমিতির চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের যুগ্ম মহাসচিব সুমন বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক নুরুল বাশার, সরকারি সিটি কলেজের অধ্যাপক মো. জাহেদুল হক প্রমুখ।