বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন
জাতীয়করণ করা শিক্ষকদের জন্য স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবি
জাতীয়করণের আওতায় আসা বেসরকারি কলেজের শিক্ষকদের চাকরির জন্য স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল সোমবার কক্সবাজার, ফেনী ও খাগড়াছড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বেলা ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কক্সবাজার ইউনিটের সাধারণ সম্পাদক মফিজুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিটের সভাপতি ও কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মীর জাফর আহমদ, উপাধ্যক্ষ এ কে এম ফারুখ আহমদ, সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক আবুল মনসুর ও মুজিবুল আলম।
এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘জাতীয়করণের আওতাভুক্ত কলেজগুলোর শিক্ষকদের চাকরি বদলিযোগ্য হতে পারবে না। তাঁদের নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনা ও চাকরির জন্য স্বতন্ত্র বিধিমালা প্রণয়ন করতে হবে।’
সকালে ফেনী সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। লিখিত বক্তব্য পাঠ করেন ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শামীম আকতার। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ফখরুল আমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোক্তার হোসেন, ফেনী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক নূরুল আজিম ভূঞা, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন, টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ উল্যাহ।
সংবাদ সম্মেলনে ফেনীর বিভিন্ন সরকারি কলেজের বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
দুপুরে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিট।
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক কৃতি চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক মীর মোহাম্মদ মারুফ মিয়া।