জাতীয়করণ করার সিদ্ধান্ত বহালের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে গতকাল বৃহস্পতিবার সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি সরকার জাতীয়করণের জন্য সারা দেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে, তাতে রানীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের নাম ছিল। কিন্তু পরে নামটি বাদ দিয়ে রানীশংকৈল ডিগ্রি কলেজকে তালিকাভুক্ত করা হয়েছে।
এর প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কলেজ থেকে বেরিয়ে আসেন। তাঁদের সঙ্গে যোগ দেন কলেজের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজনও। একপর্যায়ে তাঁরা রানীশংকৈল-হরিপুর আঞ্চলিক সড়কে মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ তফিল উদ্দিন আহম্মেদ, উপাধ্যক্ষ মহাদেব বসাক, শিক্ষক সিরাজুল ইসলাম ও রবিউল ইসলাম, শিক্ষার্থী রুবি আকতার, আয়শা বেগম প্রমুখ।
অধ্যক্ষ তফিল উদ্দিন আহম্মেদ বলেন, ‘জাতীয়করণের সব শর্ত পূরণ সাপেক্ষে আমাদের কলেজটি জাতীয়করণের জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। তাই তালিকা থেকে বাদ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কলেজটি পুনরায় তালিকাভুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’