জাতীয়করণ না হওয়ায় কলেজ কর্তৃপক্ষের রিট, রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের নাম জাতীয়করণের তালিকায় না থাকায় রিট আবেদন করেছে কলেজ কর্তৃপক্ষ। উচ্চ আদালত শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সাতজনের বিরুদ্ধে রুল জারি করেছেন। দুই মাসের মধ্যে তাঁদের রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

১৬ আগস্ট বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। গতকাল সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় কলেজ কর্তৃপক্ষ।

অবকাঠামো, শিক্ষার্থী ও ফলাফলে এগিয়ে থাকলেও জাতীয়করণের তালিকায় নাম না রাখায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের পক্ষে উচ্চ আদালতে রিট আবেদন করেন কলেজের অধ্যক্ষ আ ক মো. মিজানুর রহমান।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, জাতীয়করণের জন্য সরকারঘোষিত সব শর্ত যথাযথভাবে পূরণ করেছে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ। শিক্ষার্থী, শিক্ষক, অবকাঠামো, ফলাফলে এগিয়ে থাকার পরও জাতীয়করণের তালিকা থেকে ছিটকে পড়েছে ৩৩ বছরের পুরোনো এ কলেজ।

রুলের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (উন্নয়ন), উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর-বরিশাল অঞ্চল, জেলা প্রশাসক বরিশাল, সহকারী পরিচালক (কলেজ) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা এবং জেলা শিক্ষা কর্মকর্তা, বরিশালকে।