জাতীয়করণ না হওয়ায় শিক্ষকেরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা-বাগান এলাকার ১২টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ না হওয়ায় শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন।
সরেজমিন দেখা যায়, সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া, চাম্পারায়, কুরমা, কুরঞ্জী, মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর, মাধবপুর, পদ্মছড়া পাত্রখোলা, শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর, কানিহাটি, ডবলছড়া ও দেওছড়া চা-বাগানে একটি করে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চাম্পারায় ও মদনমোহনপুর চা-বাগান প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২০ সালে। কুরমা চা-বাগান প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে। কুরঞ্জী চা-বাগান প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে। মাধবপুর চা-বাগান প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। পদ্মছড়া চা-বাগান প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। বাঘাছড়া চা-বাগান প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে। শুরু থেকেই এসব বিদ্যালয়ে চা-বাগান কর্তৃপক্ষ একজন করে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে সাপ্তাহিক বেতনের ভিত্তিতে একজন শিক্ষক দিয়ে পাঁচটি ক্লাসে পাঠদান করাতেন।
প্রধান শিক্ষকেরা জানান, ২০১২ সালে বিধি মোতাবেক প্রতিটি বিদ্যালয়ে চারজন করে শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয় পরিচালনা করলেও চা-বাগান কর্তৃপক্ষ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমহারে মাসিক ১২০০ টাকা বেতন প্রদান করছে। এ টাকা দিয়েই শিক্ষা উপকরণ কিনতে ও উপজেলা শিক্ষা অফিসে যাতায়াত ব্যয় করতে হয়। ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে এসব বিদ্যালয় ভালো ফলও করছে।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী ও মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) সাধারণ সম্পাদক নির্মল দাশ পাবনা বলেন, সরকার যেখানে ঝরে পড়া রোধে অনেক চেষ্টা করছে, সেখানে কীভাবে এই ১২টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ল, তা তাঁরা ভাবতে পারছেন না। বিষয়টি গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় একসময় এসব বিদ্যালয় বন্ধ হয়ে যাবে।
কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ বলেন, তিনি বদলি হয়ে কমলগঞ্জে নতুন এসেছেন। এসব বিদ্যালয় সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে তাঁর আগের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিস্তারিত জানতে পারবেন বলে তিনি জানান।
সদ্য বদলি হওয়া ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া বলেন, ১২টির মধ্যে পাত্রখোলা, চাম্পারায় ও পদ্মছড়া চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ের নাম জাতীয়করণের জন্য শিক্ষা অধিদপ্তরে গেছে। বাকিগুলো হয়তো পর্যায়ক্রমে হয়ে যাবে।