চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট ডিগ্রি কলেজকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেওয়ার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ হয়েছে।
কলেজ সূত্র জানায়, জাতীয়করণের তালিকায় নাজিরহাট ডিগ্রি কলেজের নাম আছে। তবে এই কলেজকে বাদ দিয়ে অন্য একটি কলেজকে জাতীয়করণের ষড়যন্ত্র চলছে।
সকাল সাড়ে ১০টার দিকে কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বাইরে বেরিয়ে আসেন। এ সময় তাঁদের সঙ্গে যোগ দেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার লোকজন। এরপর তাঁরা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে নতুন রাস্তার মাথা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় ওই সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রাক্তন ছাত্র মো. রুহুল আমিন চৌধুরী। প্রাক্তন ছাত্র মাসুদ রানার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী এনামুল হক, গিয়াস উদ্দিন চৌধুরী, মো. আরাফাত, রহমত উল্লাহ, আমান উল্লাহ, মহিউদ্দিন, সাহেদুল আলম, মোজাম্মেল হক, সাইফুল্লাহ, আবদুল করিম, সিরাজুল ইসলাম, সানজিদা, রেশমা আকতার ও শারমিন আকতার।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত কলেজটি ভালো ফল করে আসছে। বর্তমানে কলেজে প্রায় তিন হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করেন। বক্তারা কলেজটিকে জাতীয়করণের দাবি জানান।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
বাঘাইছড়ি উচ্চবিদ্যালয় জাতীয়করণের দাবি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি উচ্চবিদ্যালয় জাতীয়করণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকেরা। গতকাল বিদ্যালয়ের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তাঁরা এ ক্ষোভ প্রকাশ করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিল্লোল জীবন চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, সদস্য বিনয় বরণ চাকমা, অভিভাবক সুজিত চাকমা, সুগত চাকমা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিল্লোল জীবন চাকমা বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের শর্ত মোতাবেক সুনামের সঙ্গে বিদ্যালয় পরিচালনা করে আসছি। দুর্গম এলাকার অনেক ছেলেমেয়ে আমাদের বিদ্যালয়ে পড়ছে।’ তিনি বলেন, বাঘাইছড়ি উপজেলায় একটি সরকারি বিদ্যালয়ও নেই। বিদ্যালয়টি জাতীয়করণ হলে দরিদ্র ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দীপ্তিমান চাকমা বলেন, ১৯৯৮ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাঘাইছড়ি উচ্চবিদ্যালয় জাতীয়করণের আশ্বাস দেন। তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে একটি আবেদন করা হয়। এ ছাড়া ২০১৫ সালে সাংসদ ঊষাতন তালুকদারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে এবং ২০০০ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিক্ষাসচিবের কাছে আবেদন করা হয়। কিন্তু এত কিছুর পরও বিদ্যালয়টি জাতীয়করণ না হওয়ায় এলাকার লোকজন হতাশ।