জাতীয়করণ নিয়ে 'ষড়যন্ত্রের' প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট ডিগ্রি কলেজকে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেওয়ার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে সপ্তম দিনের মতো বিক্ষোভ মিছিল-সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার নাজিরহাট কলেজ ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

কলেজ সূত্রের ভাষ্যমতে, জাতীয়করণের তালিকায় নাজিরহাট ডিগ্রি কলেজের নাম আছে। তবে এই কলেজকে বাদ দিয়ে উপজেলা সদরের অন্য একটি কলেজকে জাতীয়করণের ষড়যন্ত্র চলছে।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বাইরে বেরিয়ে আসেন। তাঁদের সঙ্গে যোগ দেন কলেজের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজন। এরপর তাঁরা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় সড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচলের ব্যবস্থা করে। বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।