জাতীয়করণ নিয়ে 'ষড়যন্ত্রের'প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট ডিগ্রি কলেজকে জাতীয়করণের তালিকা থেকে ‘বাদ দেওয়ার ষড়যন্ত্রের’ প্রতিবাদে কলেজের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী ও এলাকার লোকজন বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। গতকাল বুধবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এসব কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখেন।
‘নাজিরহাট কলেজ ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় কলেজের শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ দুই ঘণ্টা অবরোধ থাকায় সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমাবেশে সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাসুদ রানা সভাপতিত্ব করেন। পরিষদের সদস্যসচিব রহমত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন শওকত হোসেন, এইচ এম আবু তৈয়ব, মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইসমাইল, আলী আকবর, মো. ইউসুফ, দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, ওমর ফারুক, হুসাইনুল সুরুজ, কামরুল অপু, রায়হান মাহমুদ, আরাফাত উল্লাহ, নওশাদ, রাকিব, ইকবাল হোসেন, মোবারক, জেসমিন আকতার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত প্রাচীন কলেজটি শিক্ষার গুণগত মান উন্নয়নসহ সাফল্যের ধারাবাহিকতা রেখে চলেছে। কলেজটিতে প্রায় তিন হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে।
নাজিরহাট মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভে সড়ক অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার যানজট মুক্ত করে। বেলা একটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।’