জাতীয়করণ নীতিমালা শিথিলের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে শিক্ষাবিষয়ক এক মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মান উন্নয়ন ও শতভাগ শিশুর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যালয় জাতীয়করণের নীতিমালা শিথিল করার পাশাপাশি আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পার্বত্য চট্টগ্রামে মৌলিক শিক্ষা সহায়তাদান প্রকল্প আয়োজিত মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, আদিবাসী নেতা, শিক্ষা কর্মকর্তা, শিক্ষা-সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার কর্মকর্তারা এসব কথা বলেন।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুর্গম পার্বত্য এলাকার লোকজন বিচ্ছিন্নভাবে বসবাস করেন। একটি নির্দিষ্ট স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিতসংখ্যক ছাত্রছাত্রী পাওয়া সম্ভব নয়। আর দূরদূরান্ত থেকে পাহাড় ডিঙিয়ে, নদী পার হয়ে শিশুদের পক্ষে বিদ্যালয়ে আসাও সম্ভব নয়।
বক্তারা বলেন, আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে দুর্গম এলাকার শিশুদের শিক্ষাদান নিশ্চিত করতে হবে। এ ছাড়া সরকারি সংরক্ষিত বনে সামাজিক উদ্যোগের মাধ্যমে যেসব বিদ্যালয় গড়ে উঠেছে, সেগুলোকে ভূমিদান ও জাতীয়করণে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।
জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ‘শিক্ষার প্রসার ও মান উন্নয়নে জেলা পরিষদ একটি নিজস্ব শিক্ষানীতি প্রণয়ন করছে। এ লক্ষ্যে একটি কমিটি কাজ করে যাচ্ছে।’ রাঙামাটি জেলা পরিষদের শিক্ষা কর্মকর্তা শ্যামল মিত্র চাকমা প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপকমিটির আহ্বায়ক অংশৈ প্রু চৌধুরী, সদস্য বৃষকেতু চাকমা, জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শান্তি বিজয় চাকমা।