জাতীয়করণ রূপরেখার খসড়া নীতিগতভাবে অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের রূপরেখার খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই খসড়াটি আরেক দফা সংযোজন-বিয়োজনের পর চূড়ান্ত করা হবে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি রূপরেখার এ খসড়া তৈরি করে। সম্প্রতি নিবন্ধনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্যানেলভুক্ত ব্যক্তিদের নিযুক্ত করার উপায় নিয়ে সভায় আলোচনা হয়েছে। নিয়মানুযায়ী বিদ্যালয়গুলোর জাতীয়করণ হলে এই প্যানেল বাতিল হয়ে যাওয়ার কথা। কিন্তু প্যানেলভুক্ত ব্যক্তিরা যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার মতোই সব প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন, সে জন্য তাঁদের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। প্যানেলভুক্ত এই শিক্ষকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্যারা-শিক্ষক’ (মূল শিক্ষকেরা ছুটিতে গেলে দায়িত্ব পাওয়া) হিসেবে নিয়োগের সুযোগ রাখা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পাশাপাশি রূপরেখাটি আরও উন্নত করে যথাশিগগিরই চূড়ান্ত করা হবে।’সভায় প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।