জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের ক্যাডারভুক্ত না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণ হওয়া কলেজশিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি হওয়া মানবে না বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। তারা বলেছে, জাতীয়করণ হওয়া শিক্ষকদের নন-ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে এবং চাকরি শুধু ওই কলেজে সীমাবদ্ধ থাকতে হবে।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের এই সংগঠনের নেতারা। এ দাবি পূরণে তাঁরা নিয়মতান্ত্রিক আন্দোলন করবেন বলেও জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির মহাসচিব শাহেদুল খবির চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ নেই, সেখানে একটি করে বেসরকারি কলেজকে সরকারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে কিছু কলেজকে সরকারি করা হয়েছে। এ ছাড়া দুই দফায় আরও ২২২টি কলেজকে সরকারি করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ৩১৫টির মতো বেসরকারি কলেজ জাতীয়করণ হওয়ার কথা। এসব কলেজে মোট শিক্ষকের সংখ্যা প্রায় আট হাজার। সর্বশেষ ২০০০ সালে করা বিধিমালা অনুযায়ী, শর্তসাপেক্ষে এসব শিক্ষকের বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে। এ ছাড়া সদ্য জাতীয়করণ হওয়া শিক্ষকেরাও দাবি তুলেছেন, যেহেতু সরকার কলেজগুলোকে সরকারি করেছে সুতরাং তাঁদেরও চাকরি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে।
গতকাল সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা বলেছেন, কয়েকটি ধাপে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে একজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগ দেন। এখন জাতীয়করণ হওয়া শিক্ষকেরা যদি সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হন, তাহলে বিদ্যমান বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবেন। এর ফলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নতুন প্রজন্মের মেধাবী শিক্ষকেরাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। বিসিএস শিক্ষা ক্যাডার আর কোনোভাবে মেধাবীদের আকর্ষণ করতে পারবে না। এ ছাড়া বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বর্তমান প্রায় ১৫ হাজার শিক্ষক ‘সংখ্যালঘুতে’ পরিণত হবেন, যা ক্যাডারের শৃঙ্খলায় বিপর্যয় নিয়ে আসতে পারে।
সমিতির সভাপতি সেলিম উল্লাহ খোন্দকার বলেন, কলেজ জাতীয়করণ নিয়ে তাঁদের কোনো আপত্তি নেই; বরং সরকারের সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানান। তাঁদের মূল আপত্তি ওই সব কলেজের শিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা নিয়ে। এটা তাঁরা মানবেন না।
লিখিত বক্তব্যে সমিতির মহাসচিব শাহেদুল খবির চৌধুরী জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ টেনে বলেন, বিসিএস ক্যাডার সদস্যদের সব সুবিধা অক্ষুণ্ন রেখে জাতীয়করণ হওয়া শিক্ষকদের জন্য পৃথক পরিচালনা, নিয়োগ, জ্যেষ্ঠতা ও পদোন্নতির নীতিমালা করতে হবে।
পরে এ বিষয়ে জানতে চাইলে জাতীয়করণ হওয়া কলেজশিক্ষকদের সংগঠন বিসিএস শিক্ষা অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান গাজ্জালি বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এই দাবির বিরোধিতা করে প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষক, শিক্ষকই। আর কলেজে নন-ক্যাডার বলে কিছু নেই। এখন এটা করতে গেলে ভবিষ্যতে ক্যাডার-নন ক্যাডার দ্বন্দ্বে কলেজশিক্ষায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে, যা কাম্য হতে পারে না।’