সারা দেশে জাতীয়করণ হওয়া কলেজশিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করা এবং চাকরি শুধু ওই কলেজে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল সোমবার বিভিন্ন জেলায় মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, কলেজগুলোতে কর্মরত শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনাসহ চাকরির শর্ত নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করা দরকার, যাতে বিসিএস পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে যোগদান করা কর্মকর্তাদের স্বার্থ ও মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। কিন্তু বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করার পাঁয়তারা চলছে। এখন জাতীয়করণ হওয়া শিক্ষকেরা যদি সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হন, তাহলে বিদ্যমান বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবেন। এর ফলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মেধাবী শিক্ষকেরাও ক্ষতিগ্রস্ত হবেন।
সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য (খুলনা বিভাগ) ও চুয়াডাঙ্গা সরকারি কলেজশিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দীন। সমিতির পক্ষে চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মতিউর রহমান, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান ও আশরাফুল আলম মতবিনিময়ে অংশ নেন। এ সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজ, আদর্শ সরকারি মহিলা কলেজ ও দর্শনা সরকারি কলেজে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমিতির ঝিনাইদহ জেলা শাখার সদস্য মহব্বত হোসেন, শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুস সোবহান, কোটচাঁদপুর সরকারি কে এম এইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমান উল্লাহ, সরকারি কে সি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আসাদ-উজ-জামান, বিসিএস সাধারণ শিক্ষক সমিতি জেলা কমিটির সম্পাদক অনুতোষ কুমার, শিক্ষকনেতা মিজানুর রহমান, আবু তাহের, মনিরুল ইসলাম প্রমুখ।
দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল হালিম বলেন, শিক্ষা ক্যাডার তথা সামগ্রিক শিক্ষাব্যবস্থা ধ্বংস করতে দেওয়া হবে না। সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির জেলা সভাপতি সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যাপক সোলজার রহমান, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হোসনে আরা খাতুন, ইদ্রিস আলী, নওশের আলী মল্লিক, শৈলেশ কুমার রায়, খন্দকার আমিনুর রহমান, মর্জিনা খাতুন, মোফাজ্জেল হোসেন প্রমুখ।
দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় করে সমিতির মাগুরা জেলা শাখা। সভায় বক্তৃতা করেন, সভাপতি অধ্যাপক অশোক কুমার মৌলিক, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহম্মাদ আবু সাঈদ মোল্যা, সহযোগী অধ্যাপক লক্ষ্মণ কুমার সাহা, সহযোগী অধ্যাপক আবদুস সাত্তার, প্রভাষক দ্বীন মহম্মদ প্রমুখ।