জাতীয়করণ হওয়া শিক্ষকদের ক্যাডারভুক্ত না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে জাতীয়করণ হওয়া কলেজশিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করা ও চাকরি শুধু ওই কলেজে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল সোমবার বিভিন্ন জেলায় মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, কলেজগুলোতে কর্মরত শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনাসহ চাকরির শর্ত নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করা দরকার, যাতে বিসিএস পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে যোগদান করা কর্মকর্তাদের স্বার্থ ও মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। কিন্তু বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করার পাঁয়তারা চলছে। এখন জাতীয়করণ হওয়া শিক্ষকেরা যদি সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হন, তাহলে বিদ্যমান বিসিএস শিক্ষক ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবেন। এর ফলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মেধাবী শিক্ষকেরাও ক্ষতিগ্রস্ত হবেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সকালে জামালপুর প্রেসক্লাবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হুসেন বলেন, জাতীয়করণ হওয়া শিক্ষকদের নন-ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে এবং চাকরি শুধু ওই কলেজে সীমাবদ্ধ থাকতে হবে। ছয় মাস ধরে বিভিন্ন সময়ে এ বিষয়ে সমিতির পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নজরে আসেনি। এ ন্যায্য দাবি থেকে পেছানোর কোনো উপায় নেই। কেননা এটি শিক্ষা ক্যাডারদের অস্তিত্বের প্রশ্ন। দাবি পূরণে প্রায় ১৫ হাজার সদস্যকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন করবেন বলেও জানান তিনি।
বেসরকারি কলেজ জাতীয়করণের সরকারি উদ্যোগের সঙ্গে তাঁরা একমত। তবে সংশ্লিষ্ট কলেজসমূহে কর্মরত শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনাসহ চাকরির শর্ত নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করা হোক, যাতে বিসিএস পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে যোগদান করা কর্মকর্তাদের স্বার্থ ও মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। কিন্তু বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করার পাঁয়তারা চলছে। এখন জাতীয়করণ হওয়া শিক্ষকেরা যদি সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হন, তাহলে বিদ্যমান বিসিএস শিক্ষক ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবেন। এর ফলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মেধাবী শিক্ষকেরাও ক্ষতিগ্রস্ত হবেন।
দুপুরে শেরপুর সরকারি কলেজশিক্ষক মিলনায়তনে সমিতির শেরপুর জেলা ইউনিটের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও সমিতির জেলা ইউনিটের সভাপতি এ কে এম রিয়াজুল হাসান। বক্তব্য দেন শ্রীবরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও সমিতির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এ কে এম আলিফ উল্লাহ আহসান।
টাঙ্গাইল জেলার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকেরা গতকাল শহরে শোভাযাত্রা করেন। পরে তাঁরা টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির আহ্বায়ক মুহাম্মদ আজাদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সা’দত কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, এমএম আলী কলেজের অধ্যক্ষ হিমাংশু কুমার আচার্য, কুমুদিনী কলেজের উপাধ্যক্ষ আবদুল মান্নান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সদস্য মো. নজরুল ইসলাম খান, মো. আফজল হোসেন, শরিফ ইস্পাহানি, মো. শফিকুল ইসলাম প্রমুখ।