সারা দেশে জাতীয়করণ হওয়া কলেজশিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করা ও চাকরি শুধু ওই কলেজে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল সোমবার বিভিন্ন জেলায় মতবিনিময়সহ নানা কর্মসূচিতে এই দাবি জানানো হয়।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, কলেজগুলোতে কর্মরত শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনাসহ চাকরির শর্ত নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করা দরকার, যাতে বিসিএস পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে যোগদান করা কর্মকর্তাদের স্বার্থ ও মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। কিন্তু বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করার পাঁয়তারা চলছে। এখন জাতীয়করণ হওয়া শিক্ষকেরা যদি সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হন, তাহলে বিদ্যমান বিসিএস শিক্ষক ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবেন। এর ফলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মেধাবী শিক্ষকেরাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন।
সিলেট সরকারি মহিলা কলেজে বেলা ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব সাব্বির আহমদ। লিখিত বক্তব্যে বলা হয়, দেশব্যাপী জাতীয়করণ হওয়া বিভিন্ন কলেজের শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডার হিসেবে অন্তর্ভুক্তি মানবে না বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। নতুন করে জাতীয়করণ হওয়া শিক্ষকদের নন-ক্যাডার হিসেবে গণ্য করতে হবে। ওই কলেজের শিক্ষকদের চাকরি শুধু জাতীয়করণ হওয়া কলেজেই সীমাবদ্ধ রাখতে হবে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি কায়সার আহমেদের সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. নিজামুল করিম। বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মশিউর রহমান ভূঁইয়া, নির্বাহী সদস্য ফারুক সরকার, মো. শহিদুল ইসলাম প্রমুখ।
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে জেলা শাখার আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এস এম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অসিত বরণ দাশ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে বেলা ১১টার দিকে সমিতির জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. হানিফের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, সরকারি কলেজের উপাধ্যক্ষ আবদুর রাজ্জাক মীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুস সোবহান প্রমুখ।
প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা এবং সিলেট, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।