জাতীয়করণ হওয়া শিক্ষকদের ক্যাডারভুক্ত না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে জাতীয়করণ হওয়া কলেজশিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করা ও চাকরি শুধু ওই কলেজে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল সোমবার বিভিন্ন জেলায় মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, কলেজগুলোতে কর্মরত শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনাসহ চাকরির শর্ত নির্ধারণ করে নীতিমালা প্রণয়ন করা দরকার, যাতে বিসিএস পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে যোগদান করা কর্মকর্তাদের স্বার্থ ও মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। কিন্তু বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করার পাঁয়তারা চলছে। এখন জাতীয়করণ হওয়া শিক্ষকেরা যদি সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হন, তাহলে বিদ্যমান বিসিএস শিক্ষক ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবেন। এর ফলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মেধাবী শিক্ষকেরাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
দুপুরে সমিতির কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট কুড়িগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভা করে। এতে বক্তব্য দেন ইউনিটের সভাপতি ও সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রশীদ সরকার। এ সময় সাধারণ সম্পাদক ও সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু নুর মো. আনিসুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য সহযোগী অধ্যাপক ইলিয়াস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সমিতির দিনাজপুর জেলা ইউনিটের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সংগঠনের সভাপতি মো. মোজাহারুল ইসলাম সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন। শিক্ষকেরা বলেন, জাতীয়করণের মহৎ উদ্যোগকে বিতর্কিত করতে বেসকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করার পাঁয়তারা চলছে, যা বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকেরা কোনোভাবেই মেনে নেবেন না।
বেলা ১১টার দিকে নীলফামারী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সভাকক্ষে সমিতির দাবিসংবলিত লিখিত বক্তব্য পাঠ করেন নীলফামারী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম। দাবির বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহ মোহাম্মদ আমীর আলী, নীলফামারী সরকারি কলেজ শাখার সহসভাপতি ওবায়দুল আনোয়ার প্রমুখ।
ঠাকুরগাঁও সরকারি কলেজে মতবিনিময় সভায় ঠাকুরগাঁও সরকারি কলেজর অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া মণ্ডল, উপাধ্যক্ষ মফিজউদ্দিন মোল্লা, সমিতির ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমুখ বক্তব্য দেন।
রংপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক ও কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক দিলীপ কুমার রায়। এ সময় রংপুর টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ আমজাদ হোসেন, কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক শাহজাহান নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সমিতির গাইবান্ধা জেলা ইউনিট। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সমিতির যুগ্ম মহাসচিব অমিত পার্থ, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান, সমিতির গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের সহসভাপতি আশাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ প্রমুখ।