জাতীয়করণ হওয়া শিক্ষকদের ক্যাডারভুক্ত না করার দাবি
বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া জাতীয়করণকৃত বেসরকারি কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মানিকগঞ্জ জেলা ইউনিটের শিক্ষকনেতারা। গাজীপুরেও একই দাবি জানিয়েছেন সমিতির নেতারা।
গতকাল সোমবার মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি করেন। এ সময় সমিতির জেলা ইউনিটের সভাপতি আবুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দীক মোল্লা, যুগ্ম সম্পাদক গিরীন্দ্র কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। একই দিন শিক্ষা সমিতির গাজীপুর জেলা ইউনিটের উদ্যোগে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে সভা হয়। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আবুবকর ছিদ্দীক মোল্লা। এতে বলা হয়, বেসরকারি কলেজ জাতীয়করণের সরকারি উদ্যোগের প্রতি সমিতির সমর্থন রয়েছে। তবে সংশ্লিষ্ট কলেজগুলোতে কর্মরত শিক্ষকদের জন্য আলাদা নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনাসহ তাঁদের ক্যাডারবহির্ভূত করে চাকরির শর্ত নির্ধারণের আগে নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন, যাতে সরকারি কর্মকমিশনের বিসিএস পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে যোগদান করা কর্মকর্তাদের স্বার্থ ও মর্যাদা ক্ষুণ্ন না হয়। বিধিমালা অনুযায়ী ক্যাডারে প্রবেশের জন্য অভিন্ন ও সুনির্দিষ্ট শর্ত পূরণ না করে প্রশাসন, পররাষ্ট্র, শিক্ষা ও স্বাস্থ্যসহ ২৮টি ক্যাডারের কোনোটিতে যোগদান করার সুযোগ নেই। কিন্তু দুই দশক ধরে বিভিন্ন সময়ে কলেজ জাতীয়করণের সুযোগে বেসরকারি শিক্ষকদের ক্যাডারভুক্ত করা হচ্ছে। ১৯৮১ সালে প্রণীত জাতীয়করণের বিধিমালায় ক্যাডারভুক্তির কোনো সুযোগ না থাকলেও বেসরকারি শিক্ষকদের ক্যাডার পদে পদায়ন করা হয়েছে। বিষয়টি ক্যাডার কর্মকর্তাদের স্বার্থবিরোধী ও মানসম্পন্ন শিক্ষার অনুকূল নয়।
আবুবকর ছিদ্দীক বলেন, ২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতে সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও সাত বছরেও জাতীয়করণের সঙ্গে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের জন্য স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়ন করা হয়নি। তাঁদের চাকরি সরকারীকরণ ও সর্বোচ্চ বেতন-ভাতাসহ তাঁরা সব ধরনের সুযোগ-সুবিধাপ্রাপ্ত হোন, কিন্তু তাঁদের ক্যাডারভুক্ত করা যাবে না।