দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কাজ চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে এসব বিদ্যালয়ে কর্মরত এক লাখ তিন হাজার ৮৪৫ জন শিক্ষক সরকারি হবেন।আজ বুধবার রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে শিক্ষক মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন। এর মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে।গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আফছারুল আমীন এ কথা জানান। জাতীয়করণের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।তিন স্তরে জাতীয়করণের এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্যে চলতি মাসের ১ জানুয়ারি থেকে ২২ হাজার ৯৮১টি রেজিস্টার্ড (এমপিওভুক্ত) বিদ্যালয়ের ৯১ হাজার ২৪ জন শিক্ষক এ সুবিধা পাবেন। আগামী ১ জুলাই থেকে স্থায়ী-অস্থায়ী নিবন্ধনপ্রাপ্ত, পাঠদানের অনুমতিপ্রাপ্ত কমিউনিটি এবং সরকারি অর্থায়নে এনজিও পরিচালিত দুই হাজার ২৫২টি বিদ্যালয়ের নয় হাজার ২৫ জন শিক্ষক সুবিধা পাবেন।আর তৃতীয় স্তরে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে পাঠদানের অনুমতির সুপারিশপ্রাপ্ত ও পাঠদানের অনুমতির অপেক্ষাধীন ৯৬০টি বিদ্যালয়ের তিন হাজার ৭৯৬ শিক্ষক এ সুবিধা পাবেন। অর্থাৎ এসব শিক্ষক সবাই সরকারি হয়ে যাচ্ছেন। তাঁরা সরকারি শিক্ষকদের মতোই সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। বর্তমানে তাঁরা কেবল সরকারি শিক্ষকদের মতো মূল বেতন পান। সংবাদ সম্মেলনে জানানো হয় তিন স্তরে জাতীয়করণ করার জন্য বছরে অতিরিক্ত খরচ হবে ৬৫১ কোটি টাকা।এর আগে স্বাধীনতার পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৬ হাজার ১৬৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। গতকালের সংবাদ সম্মেলনে মন্ত্রী আফছারুল আমীন জানান, দীর্ঘ ৪০ বছর পর তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বড় দাগে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণ করছেন। এটি যুগান্তকারী ঘটনা। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন, অতিরিক্ত সচিব আবুল কামাল আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।