জাতীয়করণসহ তিন দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি পেশ করেছেন। শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তিসহ শিক্ষক-কর্মচারীদের তিন দফা বাস্তবায়নের দাবিতে বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে গতকাল বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে বাঘারপাড়া-নারকেলবাড়িয়া সড়কে উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন। প্রায় ৩০ মিনিট ধরে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ, শিক্ষক আজিজুর রহমান, তরুণ কুমার সাহা, আবদুল মজিদ, আবদুর রাজ্জাক, উত্তম কুমার দে, ইনতাজুল ইসলাম, সামসুর রহমান, শমীরণ শর্মা প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।