জাতীয়করণে এমন ভুল!
তিন পার্বত্য জেলা—বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি) দুর্গম এলাকায় ২২৫টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে ২০১০ সালে। চার বছরের প্রকল্প মেয়াদ শেষে এসব বিদ্যালয় হস্তান্তর করা হয় জেলা পরিষদের কাছে। এরপর দুই ধাপে বিদ্যালয়গুলোর জাতীয়করণ হয়। দ্বিতীয় ধাপটি সম্পন্ন হয় চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি। বিপত্তি বাঁধে দ্বিতীয় তালিকাটি নিয়েই। এতে আগের তালিকায় থাকা বান্দরবানের দুটি বিদ্যালয় নাম দ্বিতীয়বারের মতো এসেছে। আবার বাদ পড়েছে রাঙামাটির বাঘাইছড়ির দুটি বিদ্যালয়।
বান্দরবান জেলা পরিষদের শিক্ষা শাখার সমন্বয়কারী এনি মং মারমা প্রথম আলোকে বলেন, এটি অসাবধানতাবশত ভুল। এই ভুল সংশোধনেরও ব্যবস্থা রয়েছে। বান্দরবানে ইউএনডিপির প্রতিষ্ঠিত বিদ্যালয়ের মধ্যে ৬টি প্রথম ধাপে জাতীয়করণ হয়েছে। দ্বিতীয় ধাপে ৭৮টি হওয়ার কথা ছিল। কিন্তু ভুলে আগের জাতীয়করণ হওয়া দুটি বিদ্যালয় তালিকায় আসায় সংখ্যা দাঁড়িয়েছে ৮০টিতে। এ জন্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুটি বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়।
রাঙামাটি ও বান্দরবানের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১৪ সালে ১ জানুয়ারি প্রথম ধাপে ইউএনডিপির ১৫টি বিদ্যালয় জাতীয়করণ হয়। এতে বান্দরবানের ৬টি, রাঙামাটির ৩টি ও খাগড়াছড়ির ৬টি বিদ্যালয় রয়েছে। দ্বিতীয় ধাপে হয় বাকি ২১০টি বিদ্যালয়। তালিকায় দুবার আসা বান্দরবানের দুটি বিদ্যালয় হলো থানচি উপজেলার দীংতেপাড়া প্রাথমিক বিদ্যালয় ও আলীকদমের বাঘেরঝিরি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে রাঙামাটির বাদ পড়া দুটি বিদ্যালয় হচ্ছে বাঘাইছড়ি উপজেলার ডলুছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
জাতীয়করণ থেকে বাদ পড়া বাঘাইছড়ির খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নলিনী চাকমা বলেন, সব শর্ত পূরণ করার পরও তাদের বিদ্যালয় জাতীয়করণ হয়নি। দরিদ্র জুমচাষি অভিভাবকদের পক্ষে বিদ্যালয় দীর্ঘদিন চালানো সম্ভব হবে না। তিনি বাঘাইছড়ির দুটি বিদ্যালয়কে জাতীয়করণে অন্তর্ভুক্তির দাবি জানান।
জেলা পরিষদ সূত্র জানায়, সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি করা জাতীয়করণ তালিকায় বান্দরবানের ৮০টি ছাড়াও খাগড়াছড়ির ৪৯ ও রাঙামাটির ৮১টি বিদ্যালয় জাতীয়করণ হয়। আর তিন জেলায় ইউএনডিপির বিদ্যালয় ছিল বান্দরবানে ৮৪, খাগড়াছড়িতে ৫৫ ও রাঙামাটিতে ৮৬টি।
বান্দরবানের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, জাতীয়করণের তালিকায় দুইবার আসা থানচি ও আলীকদমের প্রাথমিক বিদ্যালয় দুটির নাম বাদ দেওয়ার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। দুটি বিদ্যালয়ের নাম বাদ দিলে বাঘাইছড়ির বাদ পড়া বিদ্যালয়গুলো অন্তর্ভুক্তিতে সমস্যা হওয়ার কথা নয়। তিনি এটিকে অসাবধানতাবশত ভুল হিসেবে মন্তব্য করেন।