জাতীয়করণের তালিকা থেকে 'বাদ দেওয়ার' প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজকে জাতীয়করণের তালিকা থেকে ‘বাদ দেওয়ার’ প্রতিবাদে গতকাল কলেজের সামনে সোনাপুর-​িস্টমারঘাট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজকে জাতীয়করণের তালিকা থেকে ‘বাদ দেওয়ার’ প্রতিবাদে গতকাল কলেজের সামনে সোনাপুর-​িস্টমারঘাট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজকে জাতীয়করণের তালিকা থেকে ‘বাদ দেওয়ার’ প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাতীয়করণের তালিকা থেকে ‘বাদ দেওয়ার’ প্রতিবাদ জানাতে সকাল থেকে চরজব্বর কলেজের শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দারা সুবর্ণচর উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নিতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আবদুল্লাহ মিয়ারহাট, হারিছ চৌধুরীর বাজার, আল-আমিন রাস্তার মাথা, খাসেরহাট রাস্তার মাথায় সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সোনাপুর-স্টিমারঘাট সড়ক ও সোনাপুর-সুবর্ণচর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাত্রীরা ভোগান্তির শিকার হন। সুবর্ণচরের চরজব্বর থানার পুলিশ বেলা আড়াইটার দিকে অবরোধ সরাতে সক্ষম হয়।
শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, গত রোববার একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়, চরজব্বর ডিগ্রি কলেজের জায়গায় উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরের সৈকত ডিগ্রি কলেজকে জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের জন্ম নেয়।
চরজব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার পর আমরা কলেজ জাতীয়করণের বিষয়টি জানতে পারি। কিন্তু গত রোববার একটি অনলাইনে সৈকত ডিগ্রি কলেজকে জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে বলে প্রচার হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।’
চরজব্বার থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, সকাল থেকে দুই-আড়াই ঘণ্টা কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।