
জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়া যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়কে তালিকায় আবার অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সচেতন বাঘারপাড়াবাসীর উদ্যোগে চাড়াভিটা বাজার এলাকায় যশোর-নড়াইল সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল সাড়ে চারটার দিকে ওই মানববন্ধন শুরু হয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে শেষ হয়। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়কে জাতীয়করণের তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত কর্মসূচি চলবে।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম, বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাইদ সরদার, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আতিয়ার রহমান সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল্যাহ খন্দকার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইরাদত আলি খাঁ, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা এনায়েত হোসেন, সোহেল রানা, ছাত্রলীগ নেতা নাজমুল হুসাইন, বায়েজিদ হোসেন, সিরাজুল ইসলাম, সোয়াইব আহাম্মেদ প্রমুখ।