জাতীয়করণের দাবিতে আধা বেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে কলেজটির শিক্ষক ও ছাত্রছাত্রীরা গতকাল বৃহস্পতিবার পাথরঘাটা পৌর এলাকায় আধা বেলা হরতাল পালন করেছেন। হরতালের প্রতিবাদে একই দিন হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
হরতাল চলাকালে পাথরঘাটা উপজেলা শহরের শেখ রাসেল স্কয়ারে পথসভা হয়। এতে ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ওয়ালিদ মক্কি সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান, প্রভাষক জামাল হোসেন, ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, মুখপাত্র রুহি আনান দানিয়াল প্রমুখ।
পাথরঘাটা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসাইন বলেন, এ উপজেলায় হাজী জালাল উদ্দিন মহিলা কলেজকে জাতীয়করণ করা হয়েছে। ওই কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সরকারি দলের সংরক্ষিত নারী সাংসদ নাসিমা ফেরদৌসী তদবির করে তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত কলেজকে জাতীয়করণ করেছেন।
পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণ আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্যসচিব প্রভাষক আহসান হাবিব বলেন, ‘উপজেলার তিনটি কলেজের মধ্যে পাথরঘাটা মহাবিদ্যালয় যোগ্যতার দিক দিয়ে প্রথম থাকলেও তদবিরে পিছিয়ে পড়েছে। আমরা ভেবেছিলাম যোগ্যতার মাপকাঠিতে পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণ করা হবে। কিন্তু তা হয়নি। এ সুযোগে মাত্র তিন শতাধিক ছাত্রীর মহিলা কলেজটি জাতীয়করণ করা হয়েছে।’
এদিকে হরতালসহ পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে করা আন্দোলনের প্রতিবাদ করেছেন হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার পাল। গতকাল তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় কলেজটির শিক্ষকেরাসহ আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও দাতা সদস্য বেলায়েত হোসেন ও কলেজটির প্রতিষ্ঠাতা সোহরাব হোসেন।
অধ্যক্ষ স্বপন কুমার পাল বলেন, হরতালের নামে রাস্তাঘাট অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ছাত্রীদের কলেজে আসার পথে বাধা দেওয়া হয়েছে।