ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে এক মাস ধরে আন্দোলন চলছে। লাগাতার আন্দোলন চললেও জাতীয়করণের কোনো আশ্বাস মিলছে না। এই অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল সোমবার তাঁরা সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।
ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ করার দাবি আদায় কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণের ঘোষণা দেওয়ার পর থেকে উপজেলাবাসীর আশা ছিল ফুলবাড়িয়া কলেজটি জাতীয়করণ করা হবে। প্রথম দফায় ১৯২টি কলেজ জাতীয়করণের আওতায় নিলেও ফুলবাড়িয়া কলেজ সেই তালিকায় ছিল না। গত ১৩ অক্টোবর আরও ২৩টি কলেজকে জাতীয়করণের ঘোষণা দেয় সরকার। এতেও কলেজটির নাম নেই। এ পরিস্থিতিকে ওই দিন থেকেই এটি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন।
লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গতকাল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করেন। দুপুরে উপজেলা সদরের মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন করেন তাঁরা। সেখানে ঘোষণা দেওয়া হয়, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আন্দোলন চলা অবস্থায় ক্লাস ও পরীক্ষা নিয়মিত চলবে বলে জানান শিক্ষকেরা।
আন্দোলনকারী শিক্ষকদের দাবি, কলেজটি জাতীয়করণের সব শর্তই পূরণ করেছে।