চট্টগ্রামের হাটহাজারী কলেজকে জাতীয়করণ করার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা।
শিক্ষার্থীদের সমাবেশে সভাপতিত্ব করেন হাটহাজারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, কলেজ জাতীয়করণের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগ আন্দোলন করছে। মঙ্গলবারের (আজ) মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কলেজে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হবে।
এর আগে গত শনিবার চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছিলেন শিক্ষার্থীরা।
জানতে চাইলে হাটহাজারী কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গতকাল শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা হয়নি।