কলেজ জাতীয়করণের দাবিতে চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকার মহিলা কলেজের ছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা। দেড় ঘণ্টা মানববন্ধন শেষে কলেজের ছাত্রীরা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি দেন।
গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁদের সঙ্গে বেশ কয়েকজন অভিভাবকও অংশ নেন।
মহিলা কলেজের ছাত্রী সংগ্রাম পরিষদের আহ্বায়ক সঞ্চিতা দাশ প্রথম আলোকে বলেন, দাবি আদায়ে তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ক্লাস বর্জন করে এনায়েত বাজারের কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি।
গত সোমবার জাতীয়করণের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন ছাত্রীরা। মঙ্গলবার এই দাবিতে তাঁরা চট্টগ্রামের জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। এ কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও তিনটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। ছাত্রীর সংখ্যা প্রায় দুই হাজার।