প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন নগরের এনায়েত বাজার এলাকার মহিলা কলেজের ছাত্রীরা।
মহিলা কলেজের ছাত্রী সঞ্চিতা দাশ প্রথম আলোকে বলেন, স্মারকলিপি দেওয়ার আগে তাঁরা প্রথমে নগরের ডিসি হিলে অবস্থান নেন। সেখানে অবস্থান করার পর ছাত্রীরা জেলা প্রশাসক কার্যালয়ে যান। এরপর তাঁরা পাঁচজন জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেন। তিনি জানান, কলেজ জাতীয়করণের দাবিতে বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এর আগে গত সোমবার জাতীয়করণের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছিলেন ছাত্রীরা। এ কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও তিনটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। ছাত্রীসংখ্যা প্রায় দুই হাজার।