জাতীয়করণের দাবিতে ফের আন্দোলন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস স্থগিত থাকার পর ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আজ রোববার থেকে আবারও আন্দোলনে যাচ্ছেন শিক্ষকেরা। গতকাল শনিবার ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ দাবি আদায় কমিটি।
একই সঙ্গে কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন করার সময় পুলিশের মারধরে কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ নিহত হওয়ার ঘটনার বিচার দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা।
গতকাল দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ দাবি আদায় কমিটির আহ্বায়ক ও ওই কলেজের শিক্ষক এস এম আবুল হাসেম। তিনি বলেন, ২৭ নভেম্বর আন্দোলনের সময় পুলিশের মারধরে শিক্ষক আবুল কালাম আজাদ নিহত হন। এরপর প্রশাসন উপজেলায় ১৪৪ ধারা জারি করে। গত ৩০ নভেম্বর বিষয়টি নিয়ে ময়মনসিংহ সার্কিট হাউসে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের উপস্থিতিতে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে জরুরি সভা করে প্রশাসন। সভায় কলেজ জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ, কলেজের সভাপতি পদ থেকে ময়মনসিংহ-৬ আসনের সাংসদ মোসলেম উদ্দিন ও অধ্যক্ষ নাসির উদ্দিনের পদত্যাগের সিদ্ধান্ত হয়।
সভার সিদ্ধান্তের পর শিক্ষকেরা এক মাসের জন্য জাতীয়করণের দাবিতে আন্দোলন স্থগিত রাখেন। গত ১১ ডিসেম্বর সাংসদ মোসলেম উদ্দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সভাপতির পদ থেকে সাংসদ পদত্যাগ করলেও অধ্যক্ষ পদত্যাগ না করার বিষয়টি ষড়যন্ত্রের শামিল।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ২৭ নভেম্বর পুলিশের মারধরে আহত হয়ে নিহত হন শিক্ষক আবুল কালাম আজাদ। তাঁরা ওই শিক্ষক হত্যার বিচার চান। শিক্ষক নিহতের ঘটনায় গত ২১ ডিসেম্বর ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতে কলেজের এস এম আবুল হাসেম বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। মামলায় সাংসদ মোসলেম উদ্দিন, সাংসদের ছেলে ইমদাদুল হক, কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন খান, উপাধ্যক্ষ আমজাদ হোসেন, ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান ও দুজন এসআইকে আসামি করা হয়। ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবুল হক আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন দিতে পুলিশক আদেশ দেন।
এ বিষয়ে ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ধর্মমন্ত্রী মতিউর রহমানের মুঠোফোনে ফোন করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।