পঞ্চগড়ের দেবীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল রোববার দিনভর ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দেবীগঞ্জ ডিগ্রি কলেজে বর্তমানে তিনটি বিষয়ে স্নাতকসহ (সম্মান) উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে প্রায় চার হাজার শিক্ষার্থী রয়েছেন। প্রায় সাত একর জমির ওপর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৮১ জন। কলেজে পর্যাপ্ত অবকাঠামোও রয়েছে। সরকারের জাতীয়করণের নীতিমালা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে কলেজটি জাতীয়করণের তালিকার আওতায় পড়ার কথা। কিন্তু তা না করে এটি প্রতিষ্ঠার ২৩ বছর পর প্রতিষ্ঠিত দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের তালিকায় আনা হয়েছে। দেবীগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণের তালিকায় নেই, এ খবরে গতকাল উত্তাল হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। মহিলা কলেজ বাদ দিয়ে এ কলেজকে জাতীয়করণের দাবিতে মাঠে নামেন শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে কলেজের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।