জাতীয়করণের দাবিতে বিক্ষোভ, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর বিএন খান ডিগ্রি কলেজ ও বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। কলেজ দুটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী গতকাল মঙ্গলবার এসব কর্মসূচি পালন করেন।
কলেজের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলা সদরে ১৯৮২ সালে উজিরপুর বিএন খান ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। সেই থেকে কলেজটি ভালো ফল করে আসছে। সব শর্ত পূরণ করা সত্ত্বেও এটি জাতীয়করণ না করে ইউনিয়ন পর্যায়ের একটি কলেজকে জাতীয়করণ করা হয়েছে।
স্থানীয় লোকজন ও শিক্ষার্থী সূত্র জানায়, উজিরপুর বিএন খান কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন কলেজটির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। উপজেলা পরিষদ থেকে উজিরপুর লঞ্চঘাট পর্যন্ত কলেজের সামনের সড়কে মানববন্ধন করা হয়। পরে কলেজ চত্বরে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন। সমাবেশে বক্তারা সরকারের কাছে কলেজটি জাতীয়করণের দাবি জানান। না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেওয়া হয়। বেলা দুইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝুমুর বালার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
উজিরপুর বিএন খান কলেজের অধ্যক্ষ গোলাম মোর্শেদ তালুকদার বলেন, ‘১৯৯১ সালের ফেব্রুয়ারিতে এই কলেজের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই কলেজটি জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি অন্য একটি কলেজ জাতীয়করণ করেছেন। তাই এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই।’
এদিকে বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল কলেজের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বেলা ১১টার দিকে উপজেলা শহরের শেখ রাসেল স্কয়ারে একই দাবিতে বিক্ষোভ শেষে প্রতিবাদ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন পাথরঘাটা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসাইন। ­পাথরঘাটা ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব প্রভাষক আহসান হাবিব বলেন, উপজেলাভিত্তিক কলেজ জাতীয়করণের নীতিমালার সব শর্ত পূরণ করার পরও এই তালিকায় পাথরঘাটা ডিগ্রি কলেজর নাম নেই।
এর আগে গত রোববার কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা শেখ রাসেল স্কয়ারে বিক্ষোভ শেষে ইউএনওর কার্যালয় ঘেরাও করেন।