জাতীয়করণের দাবিতে বিক্ষোভ, ইউএনওর কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল রোববার উপজেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তাঁরা ইউএনও ইকবাল হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু হয়। পরে কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে শহরের শেখ রাসেল স্কয়ারে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্যসচিব প্রভাষক আহসান হাবিব, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কি, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, শিক্ষার্থী রুহি আনান দানিয়াল প্রমুখ। পরে ইউএনওর কার্যালয় ঘেরাও শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসাইন বলেন, তিন দশকের ঐতিহ্যবাহী কলেজকে পাশ কাটিয়ে ও প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য না দিয়ে পার্শ্ববর্তী মহিলা কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করা হয়েছে। অথচ ওই মহিলা কলেজে মাত্র ৩০০ ছাত্রী রয়েছেন। আর এখানে স্নাতকসহ (সম্মান) প্রায় দুই সহস্রাধিক ছাত্রছাত্রী রয়েছেন।
পাথরঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, ‘প্রতিটি উপজেলায় একটি কলেজ জাতীয়করণের তালিকায় উপজেলার ঐতিহ্যবাহী ও ভালো ফলাফলে অগ্রগামী পাথরঘাটা ডিগ্রি কলেজের নাম নেই। অথচ পার্শ্ববর্তী ব্যক্তিনামের একটি মহিলা কলেজ জাতীয়করণ করা হয়েছে। এতে আমাদেরসহ পাথরঘাটাবাসীকে অবমূল্যায়ন করা হয়েছে।’
এদিকে উপজেলার হাজি জালাল উদ্দীন মহিলা কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করায় গতকাল সকালে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শহরে বিজয় শোভাযাত্রা করেছেন কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে কলেজ মিলনায়তনে দোয়ার আয়োজন করা হয়। এর আগে সেখানে অধ্যক্ষ স্বপন কুমার পালের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের দাতা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বেলায়েত হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য মোশারেফ হোসেন প্রমুখ।