জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
তৃতীয় ধাপে জেলা ও উপজেলা যাচাই-বাছাই কমিটির সুপারিশ করা সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল সোমবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি গাজী নুর মোহাম্মদ পাটোয়ারী, সহসভাপতি হারুন-অর-রশীদ, রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু তৃতীয় ধাপে উপজেলা ও জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটির সুপারিশকৃত বিদ্যালয়গুলো বাদ দিয়ে গত ২৩ মার্চ ৩০৩টি বাতিলকৃত বিদ্যালয়ের গেজেট প্রকাশ করা হয়।