
যশোরের বাঘারপাড়া উপজেলার শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বেলা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা খাজুরা এলাকায় কলেজের সামনে যশোর-মাগুরা মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে কলেজের অধ্যক্ষ মো. আবদুর রাজ্জাক বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কলমসৈনিক শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেনের নামে ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই সিরাজুদ্দিন হোসেনের নামে কলেজের নামকরণ হয়। ৮ একর ৫২ শতক জমির ওপর প্রতিষ্ঠিত এ কলেজে বর্তমানে ৩ হাজার ১২ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। গত চার বছরে উচ্চমাধ্যমিক ও স্নাতক শ্রেণির ফলাফলে পাসের হার ৮৫ শতাংশের ওপরে রয়েছে; যা উপজেলার যেকোনো কলেজের তুলনায় বেশি। অথচ উপজেলার সেরা কলেজটি বাদ দিয়ে সম্প্রতি বাঘারপাড়া ডিগ্রি কলেজ নামের একটি কলেজ জাতীয়করণের তালিকায় স্থান পেয়েছে; যা দেখে আমরা বিস্মিত হয়েছি। সরকারের এ সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। সুতরাং অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীর নামের এ কলেজটি জাতীয়করণ করা হোক।’
আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ আমিনুর রহমান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবদুল হামিদ, শিক্ষক আবু সাঈদ মো. আতিকুর রহমান, গোলাম মোর্শেদ, অজয় কুমার মণ্ডল, তপন কুমার বিশ্বাস, মৃণাল কান্তি বিশ্বাস, কাইয়ুম হোসেন, আবু উবায়দা, সোহেল রানা, মিনা আক্তার, সঞ্চিতা রানী রায়, ফিরদৌসী জাহান প্রমুখ।
সম্প্রতি জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বাঘারপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও ফলাফলের চিত্র জানতে চাইলে উপাধ্যক্ষ জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ৫ একর জামির ওপরে ১৯৭৩ সালে বাঘারপাড়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ১ হাজারের ওপরে শিক্ষার্থী লেখাপড়া করছে। উচ্চমাধ্যমিক, কারিগরি ও স্নাতক শ্রেণির ফলাফলে পাসের হার ৮০ শতাংশের ওপর। এ কারণে কলেজটি জাতীয়করণের দাবিদার। তা ছাড়া কলেজটি উপজেলা সদরে প্রতিষ্ঠিত হওয়ায় অগ্রধিকার পেয়েছে।