জাতীয়করণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার তাঁরা ক্লাস বর্জন করে এসব কর্মসূচিতে অংশ নেন।
বেলা সাড়ে ১১টায় কলেজের দুই সহস্রাধিক শিক্ষার্থী একযোগে ক্লাস বর্জন করে বাইরে বেরিয়ে আসেন। এরপর তাঁরা বিক্ষোভ মিছিলসহকারে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে কলেজ ফটকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলা (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র মিথুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আখতার ও জীবননগর ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শিক্ষক ইউনুছ আলী, শিক্ষার্থী সোনিয়া খাতুন ও সাইফুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কলেজটি শিক্ষার গুণগত মান উন্নয়নসহ সাফল্যের ধারাবাহিকতা রেখে চলেছে। বর্তমানে সেখানে ২ হাজার ৩৮৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করেন। যোগ্যতার বিবেচনায় এ কলেজকে জাতীয়করণ করা হোক।