জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গতকাল সোমবার তারা ক্লাস বর্জন করে এ কর্মসূচি পালন করে। ‘নাজিরহাট কলেজ ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদ’ কর্মসূচিতে নেতৃত্ব দেয়।
বেলা ১১টায় কলেজের আশপাশে অবস্থিত হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ উচ্চবিদ্যালয়, নাজিরহাট কলেজিয়েট উচ্চবিদ্যালয়, ফটিকছড়ি উপজেলার সুয়াবিল উচ্চবিদ্যালয়, নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয় ও নাজিরহাট আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং নাজিরহাট-কাজীরহাট সড়কের দুই পাশে মানববন্ধন করে। এতে নাজিরহাট কলেজের সাবেক শিক্ষার্থী, স্কুলগুলোর শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্যরাসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। কলেজটিকে জাতীয়করণ করা অপরিহার্য। কলেজটিকে জাতীয়করণ না করা পর্যন্ত পরিষদের আন্দোলন চলবে বলে ঘোষণা দেন বক্তারা।