বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করা হয়েছে।
বেলা একটার দিকে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে কলেজটির শিক্ষকেরা অভিযোগ করেন, এখানে অখ্যাত একটি প্রতিষ্ঠানের জাতীয়করণ হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক রেজাউল করিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষক আবদুর রউফ, অনন্তলাল রায় প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিষ্ঠার সময়, অবকাঠামোগত সুবিধা, ভালো ফলাফল, শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা ও মানসম্মত পাঠদানের পরিবেশ, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, সেমিনার কক্ষ, শিক্ষার্থীদের হোস্টেল, ক্যানটিন, অতিথিশালাসহ সব সুবিধা থাকা সত্ত্বেও সারিয়াকান্দি ডিগ্রি কলেজকে জাতীয়করণ তালিকার বাইরে রাখা হয়েছে। এ কলেজ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। অথচ এ উপজেলায় জাতীয়করণ হয়েছে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সারিয়াকান্দি আবদুল মান্নান মহিলা কলেজ। প্রতিষ্ঠানটির পর্যাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অবকাঠামো নেই। ফলাফলও ভালো নয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সারিয়াকান্দি ডিগ্রি কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজার। এর মধ্যে ৮০০ জন উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হয়েছে।
এ ছাড়াও স্নাতক ডিগ্রি ও নয়টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে। গত বছর উচ্চমাধ্যমিকে ৭৪ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। কলেজে বর্তমানে ৯৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেমসসম্পন্ন ৪২টি শ্রেণিকক্ষ, ১৬টি কম্পিউটার ল্যাব, ৫০০ আসনের মিলনায়তন, ৬ হাজার বইয়ের গ্রন্থাগার, প্রশস্ত খেলার মাঠ, দুটি হোস্টেল, ক্যানটিন ও অতিথিশালা রয়েছে। মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের সব শর্ত পূরণের পরও এই কলেজকে বাদ দেওয়া হয়েছে।
অথচ আবদুল মান্নান মহিলা কলেজে চলতি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে ৬৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। শিক্ষকসংখ্যা মাত্র ২৯ জন।
কলেজটি জাতীয়করণের দাবিতে গত সোমবার বগুড়ার সাতমাথায় মানববন্ধন করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।