জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল হয়েছে। কলেজ ক্যাম্পাসে ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের ব্যানারে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ জাতীয়করণের দাবিতে সকাল পৌনে ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাঁরা অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এতে অধ্যক্ষ মো. খলিলুর রহমানসহ অন্য শিক্ষকেরা অবরুদ্ধ হয়ে পড়েন। কয়েকটি কক্ষের দরজা-জানালা ও বেঞ্চ ভাঙচুর করেন শিক্ষার্থীরা। আরেক দল শিক্ষার্থী কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সড়কের দুই পাশে আটকা পড়ে অনেক যানবাহন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১টার দিকে সড়ক থেকে তাঁদের সরিয়ে দেয়। পরে তাঁরা অধ্যক্ষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন।
ছাত্র সংগ্রাম ঐক্য পরিষদের মুখপাত্র রুহি আনান দানিয়াল বলেন, পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন চলবে।