জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলীর বাঙালহালীয়া কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার উপজেলায় সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এদিকে এই দাবিতে রাজস্থলী উপজেলায় ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
গতকাল থেকে বাঙালহালীয়া কলেজ জাতীয়করণ পুনর্বহাল আন্দোলন কমিটির ব্যানারে উপজেলায় অনির্দিষ্টকালের এই অবরোধের ডাক দেওয়া হয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল থেকে বাঙালহালীয়া ইউনিয়ন সদর বাজার এলাকা, পুলিশ ক্যাম্প-সংলগ্ন সিনেমা হল, আবাসিক এলাকা, শফিপুর, পাথরবন পাড়া, ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নেন। অবরোধকারীরা বিকেলে বাঙালহালীয়া বাজারে সমাবেশ করেন। বাঙালহালীয়া কলেজ জাতীয়করণ পুনর্বহাল আন্দোলন কমিটির আহ্বায়ক ও বাঙ্গালহালীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঞোমং মারমার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পুলক বড়ুয়া, আন্দোলন কমিটির সদস্যসচিব পুলক চৌধুরী, সহসভাপতি মো. কামাল হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, বাঙালহালীয়া কলেজ জাতীয়করণ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু একটি মহলের ইন্ধনে তালিকা থেকে কলেজটির নাম বাদ দেওয়া হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আনোয়ার বলেন, অবরোধে বাঙালহালীয়া এলাকায় পুলিশ টহল জোরদার ছিল। অবরোধের কারণে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।
এদিকে স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীজা খাজা আন্দোলন কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাঙালহালীয়া কলেজ জাতীয়করণের জন্য উদ্যোগে নেওয়ার আশ্বাস দেন ইউএনও।