
কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। গতকাল সোমবার আয়োজিত এসব কর্মসূচির কারণে মহাসড়কের চান্দিনা উপজেলা ফটক এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীরা অভিযোগ করে, চান্দিনা মহিলা কলেজকে বাদ দিয়ে স্থানীয় সাংসদ নিজের গ্রামের বাড়ির কাছের দোল্লাই নোয়াবপুর কলেজকে জাতীয়করণ করার চেষ্টা করছেন। ওই কারণে শিক্ষার্থীরা এ আন্দোলন করছে। কলেজ দুটির প্রতিষ্ঠাতা ও সভাপতি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাংসদ মো. আলী আশরাফ।
এ প্রসঙ্গে সাংসদ মো. আলী আশরাফ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর ডিসিশন কোন কলেজ জাতীয়করণ হবে। একটা কলেজ এমনে এমনে জাতীয়করণ হয় না। তার ঐতিহ্য, ফলাফল ও অবকাঠামো দেখতে হয়। কারা শিক্ষার্থীদের বৃষ্টির মধ্যে মহাসড়কে নামিয়েছে, সেটা তদন্ত করে বের করার জন্য প্রশাসনকে বলেছি।’
জানা যায়, গতকাল বেলা ১১টায় ছাত্রীরা ক্লাস বর্জন করে কলেজের প্রধান ফটকে সমবেত হয়। পরে আন্দোলনকারী ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা ফটক এলাকায় অবস্থান নেয়। বিক্ষোভকারীরা এ সময় ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দিয়ে মহাসড়কে বসে যায়। এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কে বসে যান চলাচল বন্ধ করে দেয়।
খবর পেয়ে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামীসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ছাত্রীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
আন্দোলনরত অন্তত ১০ জন শিক্ষার্থী বলে, ‘সরকার সারা দেশে ১৯৯টি কলেজকে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে চান্দিনা মহিলা কলেজের নাম রয়েছে। কিন্তু হঠাৎ করে জানতে পারলাম, চান্দিনা উপজেলা সদর থেকে অন্তত ১৮ কিলোমিটার ভেতরে গ্রামের মধ্যে অবস্থিত দোল্লাই নোয়াবপুর কলেজকে জাতীয়করণের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন অনলাইন পত্রিকায় আমাদের কলেজকে বাদ দিয়ে সাংসদের নিজ এলাকার কলেজকে জাতীয়করণ করা হচ্ছে বলে খবর বেরিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ফলাফল, শিক্ষার্থী ও অবকাঠামোর দিক দিয়ে মহিলা কলেজ সেরা। তাই আমাদের এ সিদ্ধান্ত বহাল রাখতে হবে। কোনো অবস্থাতেই সেটি পরিবর্তন করা যাবে না।’
চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ বলেন, ‘দাপ্তরিক কাজে আমি কুমিল্লায় গিয়েছিলাম। কেন শিক্ষার্থীরা মহাসড়কে নামল, সেটা আমি জানি না। তবে সব শিক্ষার্থী চায়, নারীদের এ কলেজ জাতীয়করণ হোক। এর বেশি কিছু আমি বলতে পারব না।’