জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সমাবেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী সমাবেশ ডেকে তা স্থগিত করেছে বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। ২৬ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাঙ্গণে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার যোগ দেওয়ার কথা ছিল।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে ২২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই সমাবেশের ঘোষণা দিয়েছিল। এর দুই দিনের মাথায় আজ ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

দুপুরে আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত সম্মেলনে ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া অভিযোগে করে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর সরকার পুলিশের মাধ্যমে বিধিনিষেধ আরোপ করেছে। ওই সমাবেশে সারা দেশ থেকে আইনজীবীদের আসার কথা ছিল। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাই আটক করা ব্যক্তিদের পক্ষে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য সমাবেশ স্থগিত করতে অনুরোধ করা হয়। এ কারণে ২৬ অক্টোবরের সমাবেশ আপাতত স্থগিত করতে হচ্ছে। ভবিষ্যতে সভা করা হলে তা পরে জানানো হবে।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জে মোহাম্মদ আলী, সমিতির সাবেক সম্পাদক এম বদরুদ্দোজা উপস্থিত ছিলেন।