জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোন্দলের শিকার সমিতির সম্পাদক
ঢাকা আইনজীবী সমিতিতে আধিপত্য বিস্তারের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশের নেতা এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের ওপর হামলা করেছে ফোরামের অপর অংশ।গতকাল মঙ্গলবার সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও খোরশেদ আলমের নেতৃত্বে কয়েকজন আইনজীবী সমিতির কার্যালয়ে ঢুকে ইকবাল হোসেনকে মেরে ফেলার হুমকি দেন এবং আসবাব ভাঙচুর করেন। আইনজীবী সমিতি এক জরুরি সভা করে এ ঘটনার নিন্দা জানান। এ হামলার পর উভয় পক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি প্রতিবাদ মিছিল করেন।গত ৩১ জুলাই সানাউল্লাহ মিয়াকে সভাপতি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা ইউনিটের কমিটি গঠন করা হয়। এর একদিন পর ইকবাল হোসেনকে সভাপতি করে আরেকটি কমিটি ঘোষণা করা হয়। এভাবে ফোরামের কমিটি গঠন নিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। গত রোববার তারেক রহমানের মামলা প্রত্যাহার ও খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আদালত প্রাঙ্গণে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে।সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বলেন, দুপুরে তিনি তাঁর সমিতির কার্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলমসহ ২০-২৫ জন আইনজীবী তাঁর কক্ষে ঢুকে তাঁকে জীবনে মারার হুমকি দিয়ে বলেন, সোজা হয়ে যান। না হলে ভবিষ্যত ভালো হবে না।’ তিনি এর প্রতিবাদ করলে তাঁর ওপর হামলা এবং আসবাব ভাঙচুর করা হয়। এতে আইনজীবী সহিদুল ইসলাম আহত হন।সাধারণ সম্পাদককে হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি সমিতির কার্যালয়ে সাধারণ সম্পাদককে বলেছি, আপনার জুনিয়র আদিল নামের আইনজীবী গত রোববার এক আইনজীবীকে মারধর করেছেন। এর আগে আদিল এক নারী আইনজীবীকে উত্ত্যক্ত করেছেন। আপনি সমিতির সাধারণ সম্পাদক। আপনি কেন তাঁকে কিছু বলছেন না। এসব কি আপনার উসকানিতে করা হচ্ছে?’ এ কথা বলে তিনি চলে আসেন।সমিতির সভাপতি শেখ হেমায়েত হোসেন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সাধারণ সম্পাদক কোনো দলীয় পদ নয়। ইকবাল হোসেন ঢাকা আইনজীবীদের প্রতিনিধি। তাঁর কক্ষে ঢুকে আসবাব ভাঙচুর করা কখনোই কাম্য নয়। এ সময় সভাপতির কক্ষে উপস্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লু ৎ ফে আলম প্রথম আলোকে বলেন, সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ বেশ কিছু আইনজীবী ইকবাল হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।