জাতীয়তাবাদী আইনজীবীরা কমিটি গঠন নিয়ে দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের নবঘোষিত কার্যকরী কমিটিকে অবৈধ বলে দাবি করেছে ফোরামের আইনজীবীদের অপর অংশ।গতকাল সোমবার ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা এ দাবি করেন।ঢাকা ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন, মল্লিক শফিউদ্দিন আহম্মেদ, মহসিন মিয়া ও গোলাম মোস্তফা খান সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেন। সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করেন, গত ২১ মে তিন সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিয়া, মাহবুব উদ্দিন ঢাকা ইউনিটের সব নেতা-কর্মীর পরামর্শক্রমে সভাপতি ফজলুর রহমান খান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ মিয়ার নেতৃত্বাধীন ইউনিট কমিটি বিলুপ্ত করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটি তিন মাসের মধ্যে নতুন কমিটি গঠন করতে আহ্বায়ক কমিটিকে নির্দেশ দেয়। কিন্তু নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন কেন্দ্রীয় কমিটি ও আহ্বায়ক কমিটিকে পাশ কাটিয়ে সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে গত ৩১ জুলাই ৭০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।এই কমিটি গঠনের বিষয়ে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনকারীরা বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য যাঁরা বেআইনি কমিটি গঠন করেছেন, তাঁদের শাস্তি হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, নতুন কমিটি করার কোনো এখতিয়ার সানাউল্লাহ মিয়ার নেই। কার্যকরী কমিটিতে রাখা হয়েছে এমন অনেকেই কমিটি গঠন সংক্রান্তে কোনো কিছু জানেন না।আরেক প্রশ্নের জবাবে ইকবাল হোসেন বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটি সাধারণ সভা ডেকে নতুন কমিটি ঘোষণা করবে। সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা, মোসলেহ উদ্দিন জসীম, ওমর ফারুক ফারুকী, খন্দকার দিদারুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।