জাতীয়ভাবে খাপড়া ওয়ার্ড দিবস পালনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার ২৪ এপ্রিল ছিল খাপড়া ওয়ার্ড দিবস। ১৯৫০ সালের এই দিনে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে গুলি করে সাতজন রাজবন্দীকে হত্যা করা হয়েছিল।এ উপলক্ষে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয়ভাবে খাপড়া ওয়ার্ড দিবস পালন এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডকে ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণের দাবি জানানো হয়েছে। আবদুশ শহীদ সংসদ এ আলোচনা সভার আয়োজন করে। ভাষাসৈনিক বাহাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে সেদিন যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁরা ভুল করেননি। তাঁদের বিদ্রোহ পাকিস্তানবিরোধী আন্দোলনে আমাদের প্রেরণা জুগিয়েছে।’ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘খাপড়া ওয়ার্ডের বিপ্লবীদের নিয়ে কিছু কাজ রয়েছে। কথোপকথন, সাক্ষাৎকার ও ছবিভিত্তিক এ কাজ আগামী এক বছরের মধ্যে প্রকাশ করা হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পঙ্কজ ভট্টাচার্য, ডালেম চন্দ্র বর্মণ, কাজী মোহাম্মদ শীশ, গোপেশ মালাকার, শামসুল আলম মুফতি প্রমুখ। সভার সভাপতি বাহাউদ্দিন চৌধুরী সাংবাদিক আবদুশ শহীদের বাড়ি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তিনি অনশন করবেন বলে ঘোষণা দেন।ব্রিটিশ শাসন অবসানের পর সদ্যস্বাধীন পাকিস্তানে ঔপনিবেশিক শাসনের প্রতিবাদ করে কারারুদ্ধ হয়েছিলেন অনেক প্রগতিশীল রাজনীতিক। তাঁদের আন্দোলন রুদ্ধ করতে তৎকালীন সরকার খাপড়া ওয়ার্ডে রাজবন্দীদের ওপর গুলি চালায়। এতে শহীদ হন দেলোয়ার হোসেন, সুখেন্দু ভট্টাচার্য, হানিফ শেখ, বিজন সেন, আনোয়ার হোসেন, সুধীন ধর ও কম্পরাম সিং। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে গতকাল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে শপথবাক্য পাঠ করানো হয়েছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা শহীদদের আদর্শকে সমুন্নত রাখতে এ শপথ নেন। রাজনৈতিক সংগঠনগুলোর ২৪ জনের একটি দল শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তাঁরা খাপড়া ওয়ার্ড মেরামত করে সংরক্ষণেরও দাবি জানান।