জাদুকরি ত্রিভুজই দুর্নীতি দূর করবে: টিআই প্রতিষ্ঠাতা
তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন এবং এই খাতকে লাভজনক হিসেবে অব্যাহত রাখতে খাতটিতে সুশাসন জরুরি। পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রমমান ও পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিষ্ঠাতা ও এর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান পিটার আইগেন।
ঢাকা সফররত টিআইয়ের সাবেক চেয়ারম্যান গতকাল টিআইবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।
পিটার আইগেন ২১ নভেম্বর বাংলাদেশ সফরে আসেন। এ সময় পোশাক খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে। তাঁর বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বিনিময় করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে টিআইয়ের সাবেক এই চেয়ারম্যান পোশাক খাতের স্বচ্ছতা উদ্যোগ (দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ-জিআইটিআই) নামের নতুন একটি উদ্যোগ নিয়ে কথা বলেন। তিনি বলেন, এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকার, উদ্যোক্তা, ক্রেতা, ট্রেড ইউনিয়ন এবং নাগরিক সমাজের সমন্বয়ে একটি কাঠামো তৈরির মাধ্যমে এ খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি সব পক্ষের মধ্যে আস্থা ও বিশ্বাসের ভিত্তি তৈরি করতে জিআইটিআই কাজ করবে বলেও জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত ৪০ লাখ কর্মীর ভাগ্য বদলাতে এবং এ খাতে স্থিতি আনতে ত্রিমুখী উদ্যোগ নিতে হবে। চলমান সমস্যা সমাধান এবং দুর্নীতি কমাতে নাগরিক সমাজ, বেসরকারি খাত ও সরকারকে যৌথভাবে কাজ করতে হবে। এ তিনের সমন্বয়ে ‘জাদুকরি ত্রিভুজ’ (ম্যাজিক্যাল ট্রায়াঙ্গেল) গঠন করতে পারলে পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।
বৈশ্বিক দুর্নীতিবিরোধী আন্দোলনের অন্যতম এ উদ্যোক্তা আরও বলেন, পোশাকশিল্প নিয়ে এ উদ্যোগের মূল লক্ষ্য এ খাতের টেকসই উন্নয়ন। এর ব্যয় বাড়ানো বা এ খাতকে বাধাগ্রস্ত করা নয়। ইতিমধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের ওপর সম্ভাব্যতা যাচাই করা হয়েছে বলেও জানান পিটার আইগেন। উদ্যোগটি বাংলাদেশসহ পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য অর্থপূর্ণ প্রভাব তৈরির বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।
সংশ্লিষ্ট সব পক্ষ একমত হলে ২০১৫ সালে জিআইটিআইয়ের যাত্রা শুরু হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনের একপর্যায়ে পিটার আইগেন দুর্নীতির বিষয়েও নিজের ভাবনার কথা তুলে ধরেন। এ ক্ষেত্রে তিনি নাগরিক সমাজের ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ‘পদ্ধতিগত উপায়েই কেবল দুর্নীতি কমানো সম্ভব। কিন্তু এ জন্য নাগরিক সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে।’
টিআইয়ের প্রতিষ্ঠাতা বলেন, ‘নতুন নতুন উদ্যোগ হাতে নিতে হবে। এসব উদ্যোগে বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে সামাজিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে সরকারকেই সচেতনতা গড়ে তুলতে হবে। এসব বিষয়ে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে।’
টিআইবিকে নিয়ে পিটার আইগেনের প্রশংসার সূত্র ধরে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জান বলেন, টিআইবির অনেক উদ্যোগই বৈশ্বিক ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে। দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে তরুণদের যুক্ত করা, সাধারণ মানুষকে যুক্ত করার বিষযগুলো বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হচ্ছে। টিআইবি আইনগত ক্ষেত্রে পরিবর্তনেও বড় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।
ইফতেখারুজ্জান বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করার ফলে সচেতনতার মাত্রা অনেক বেড়েছে। ‘যতটা সুফল পাওয়ার কথা ছিল সেটা হয়তো হয়নি’-যোগ করেন টিআইবির নির্বাহী পরিচালক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের, যোগাযোগ বিভাগের পরিচালক রিজওয়ান-উল-আলমসহ সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা।