জাদুঘর থেকে খোয়া গেছে পদক ও মুদ্রা, মামলা
জাতীয় জাদুঘর থেকে দুটি পদক ও ২৪টি মূল্যবান মুদ্রা খোয়া গেছে। এ ঘটনায় জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ চুরির অভিযোগে শাহবাগ থানায় মামলা এবং পাঁচ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে।পদক ও মুদ্রা খোয়া যাওয়ার ঘটনায় শাহবাগ থানায় ২৬ জুন দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলাটি করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। মামলা নম্বর ৫৩। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম। মামলার অভিযোগে বলা হয়, গত তিন বছরে বিভিন্ন সময়ে দুটি পদক ও ২৪টি মুদ্রা চুরি হয়েছে।জাদুঘরের মহাপরিচালক জানান, পদক ও মুদ্রা খোয়া যাওয়ার বিষয়টি জানার পর ৩১ মে তদন্ত কমিটি গঠন করা হয়। এ বিষয়ে ২ জুন শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কমিটির প্রতিবেদনের পর জাদুঘরের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কর্তব্যে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন জাদুঘরের উপ-কিপার নূরে নাসরিন, সহকারী কিপার সাইফুজ্জামান, প্রহরী দুলাল মিয়া, আবদুল করিম ও আলমগীর চৌধুরী।খোয়া যাওয়া জিনিসের মধ্যে রয়েছে ঢাকার নবাব আবদুল লতিফের দুটি পদক এবং মোগল ও ব্রিটিশ আমলের ২৪টি ব্রোঞ্জ মুদ্রা।