জাদুঘর থেকে সরানো হলো জিয়ার স্বাধীনতা পদক
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কারের পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জাদুঘর থেকে পদকটি নিয়ে আসেন। সংস্কৃতিসচিব আকতারী মমতাজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। সে সময় পুরস্কারের মেডেল ও সম্মাননাপত্র কোনো উত্তরাধিকারকে না দিয়ে জাতীয় জাদুঘরের একটি কর্নারে যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন বিরোধী দলে থাকা আওয়ামী লীগ এই পুরস্কার প্রত্যাখ্যান করে। বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানকে পুরস্কার দেওয়ায় আপত্তি তোলে দলটি।
গত ২৪ আগস্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে জাতীয় পুরস্কার-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহারের পাশাপাশি জাতীয় জাদুঘর থেকে ওই পুরস্কারের মেডেল ও সম্মাননাপত্র সরিয়ে ফেলার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় জাদুঘরকে মেডেল ও সম্মাননাপত্র ফেরত দিতে চিঠি দেওয়া হয়। এর আগে আরেক চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগ কবে, কীভাবে জিয়াউর রহমানের পদকটি জাতীয় জাদুঘরে আসে, তা জানতে চেয়েছিল।
গতকাল পদকটি সরিয়ে নেওয়ার বিষয়ে সংস্কৃতিসচিব প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পুরস্কার-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুসারে আজ (বুধবার) মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জাদুঘর থেকে পদকটি নিয়ে এসেছেন।’
জাদুঘরের একটি সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা ও জাদুঘরের ভারপ্রাপ্ত মহাপরিচালক একরাম আহমেদের বৈঠকের পর জিয়াউর রহমানের পদক ও সম্মাননাপত্র সরানো হয়। জোট সরকারের সময় বঙ্গভবনের তোশাখানা থেকে পুরস্কারটি জাতীয় জাদুঘরে আসে।
জিয়াউর রহমানকে দেওয়া ‘স্বাধীনতা পদক’ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, ‘এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু বলা যাবে না। ক্ষমতার জোরে আপনি পদক নিয়ে যেতে পারবেন। কিন্তু মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছে, সেটা তো আর নিয়ে যেতে পারবেন না।’ এ ঘটনায় এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।