মুন্সিগঞ্জে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
জাদুঘর নির্মিত হলে স্বার্থান্বেষী মহল দখল করতে পারবে না
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাশুরে জমিদার যদুনাথ রায়ের স্মৃতি সংরক্ষিত হলে এবং সেখানে জাদুঘর নির্মিত হলে স্বার্থান্বেষী মহল সেটিকে দখল করতে পারবে না। এ কারণে ওই মহলটি হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের বিষয়টিকে সামনে এনে ঐতিহ্যবাহী বাড়িটি গ্রাস করার পাঁয়তারা করছে। গতকাল সোমবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন নামের একটি সংগঠন। তাদের ভাষ্যমতে, তারা জমিদার বাড়ির সব স্থাপনা সংস্কার করে জাদুঘরের অংশ হিসেবে প্রতিষ্ঠা করার কাজ চালিয়ে যাচ্ছে। অগ্রসর বিক্রমপুরের শ্রীনগর উপজেলা কেন্দ্রের সভাপতি আবদুল মালেক ভূঁইয়া গতকাল লিখিত বক্তব্যে এই কথা বলেন। তিনি বলেন, অগ্রসর বিক্রমপুরের কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে ও সংগঠনের সভাপতি নূহ-উল-আলম লেনিনের ব্যক্তিগত ইমেজ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ২২ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘শ্রীনগরে অর্পিত সম্পত্তি দখল করে নৌকা মিউজিয়াম ও থিমপার্ক হচ্ছে’ শিরোনামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় মানববন্ধনের সংবাদ পরিবেশনের নামে ২৫ ফেব্রুয়ারি কয়েকটি জাতীয় পত্রিকায় উদ্দেশ্যমূলকভাবে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন ও সংগঠনের সভাপতিকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, নূহ-উল-আলম লেনিন একজন বরেণ্য লেখক, কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট। সামাজিক দায় মেটাতে সমমনা সমাজ উন্নয়নকামী লোকজন নিয়ে ১৯৯৮ সালে তিনি অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বিক্রমপুরের অতীত ঐতিহ্য সমুন্নত করা, হারানো গৌরব পুনরুদ্ধার এবং আলোকোজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ অগ্রসর বিক্রমপুরের লক্ষ্য ও উদ্দেশ্য। এর যাবতীয় কর্মকাণ্ড অরাজনৈতিক ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হচ্ছে। আবদুল মালেক ভূঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, সংরক্ষণের অভাবে বিক্রমপুরের ১২-১৫টি জমিদার বাড়ি ইতিমধ্যে দখল হয়ে গেছে। বেদখল হওয়া কোনো জমিদার বাড়িতে হাসপাতাল বা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। অথচ ষড়যন্ত্রকারীরা হাসপাতাল ও বিদ্যালয়ের বিষয়টিকে সামনে এনে ঐতিহ্যবাহী বাড়িটিকে গ্রাস করার পাঁয়তারা করছে। কিন্তু অগ্রসর বিক্রমপুর জমিদার বাড়ির সব স্থাপনা সংস্কার করে জাদুঘরের অংশ হিসেবে প্রতিষ্ঠা করার কাজ চালিয়ে যাচ্ছে। আবদুল মালেক ভূঁইয়া বলেন, জমিদার বাড়ির পরিত্যক্ত ও বিশাল স্থাপনাগুলো পুনঃ সংস্কার করতে যে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন, তা আমাদের সংগঠন এমনকি প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষেও সংস্থান করা কঠিন। তাই যেসব দেশ প্রত্নসম্পদ রক্ষায় অভিজ্ঞ এবং সংরক্ষণের জন্য অর্থায়ন করে বাংলাদেশে অবস্থিত, সেসব দেশের দূতাবাসের মাধ্যমে যোগাযোগ শুরু করা হয়েছে। যাতে তারা জাদুঘর ছাড়াও যদুনাথ রায়ের স্মৃতি রক্ষার্থে ঐতিহ্যবাহী বাড়িতে একটি হেরিটেজ পার্ক ও বাড়ির ভেতরে দুটি দিঘিতে নৌ জাদুঘর গড়ে তুলতে সহযোগিতা করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অগ্রসর বিক্রমপুরের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া ও আনোয়ার হোসেন, লৌহজং কেন্দ্রের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রীনগর কেন্দ্রের সাধারণ সম্পাদক মাহমুদ হাদী ও মুন্সিগঞ্জ কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ প্রমুখ। এদিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূহ-উল-আলম লেনিন বিদেশে থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন আয়োজকেরা।