জাদুঘর হবে ডিজিটাল ও ভ্রাম্যমাণ
দেশের যেকোনো প্রান্তে ঘরে বসেই যেন জাতীয় জাদুঘরে সংগৃহীত সব নিদর্শন দেখা যায়, সে জন্য একটি ‘ভার্চুয়াল জাদুঘর’ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানালেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গত বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের ১০১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা একটি ভ্রাম্যমাণ জাদুঘরের কথাও ভাবছি।’ জাদুঘরের মূল্যবান নিদর্শনসামগ্রী গাড়িতে করে নিয়ে বেড়ালে সেগুলোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে পারে। মন্ত্রী বলেন, ‘ভ্রাম্যমাণ জাদুঘরে নিদর্শনগুলোর শুধু রেপ্লিকা থাকবে। আমরা মানুষকে উদ্বুদ্ধ করব, এসব নিদর্শন নিজ চোখে দেখতে হলে যেতে হবে জাদুঘরে।’
দেশে সংস্কৃতিচর্চা একেবারেই কমে গেছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী। তাঁর ভাষায়, ‘ছোটবেলায় নীলফামারীর ছোট্ট গ্রামটিতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যেতে মিনিট বিশেক সময় লাগত। সন্ধ্যার সময় ওইটুকু পথ হাঁটলেই অন্তত ২০টি হারমোনিয়ামের সুর শুনতে পেতাম। এখন ওসব উঠে গেছে।’
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মমিন চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতাত্ত্বিক সুফী মোস্তাফিজুর রহমান, ইতিহাসবিদ এনামুল হক ও শরীফ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান।