
আজ সেই দিন, ৮৪ বছর আগে যে দিনটিতে জন্ম নিয়েছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। কে ভেবেছিল তখনকার ক্ষীণ ও মন্থর মফস্বল ফেনীতে জন্ম নেওয়া শিশুটি একদিন হয়ে উঠবেন বাংলাদেশের শিল্পজগতের এত বড় একটি নাম? মৃত্যুর পরেও তাঁর জন্মদিন হয়ে উঠবে বিরাট এক উদ্যাপনের উপলক্ষ?
কাইয়ুম চৌধুরীর স্মরণে, তাঁর গ্রাফিক শিল্পকলার বিচিত্র সম্ভার নিয়ে আজ থেকে শুরু হবে চার দিনের এক প্রদর্শনী। এ প্রদর্শনী চলবে শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে, ১২ মার্চ পর্যন্ত। প্রদর্শনীর শিরোনাম ‘জনশিল্পের কিংবদন্তি’। উদ্বোধন হবে আজ বিকেল চারটায়।
শুধু শিল্পকলা নয়, সাহিত্য-গান-চলচ্চিত্রও ছিল কাইয়ুম চৌধুরীর আনন্দময় উপভোগের ক্ষেত্র। আঁকাআঁকির পাশাপাশি লিখেছেনও অবিরল। ছড়া, কবিতা, প্রবন্ধ। সেসব লেখা গুছিয়ে প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে তাঁর প্রবন্ধের বই জীবনে আমার যত আনন্দ ও কাব্যগ্রন্থ হাতের ছোঁয়ায় রোদের শিহরণ। বেরিয়েছে একটি জীবনীও। লিখেছেন সৈয়দ আজিজুল হক, কাইয়ুম চৌধুরীর সঙ্গে দীর্ঘ অন্তরঙ্গ আলাপের ভিত্তিতে। আজ বিকেলে তাই শুধু প্রদর্শনীরই উদ্বোধনী নয়, হবে এ বই তিনটির প্রকাশনা অনুষ্ঠানও।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কাইয়ুম চৌধুরীর দীর্ঘ সাহচর্য ও সখ্য পাওয়া চারজন মানুষ। কবি ও কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, চিত্রশিল্পী রফিকুন নবী ও শিল্পানুরাগী আবুল খায়ের। কাইয়ুম চৌধুরী সম্পর্কে তাঁরা বলবেন তাঁদের অন্তরঙ্গ অভিজ্ঞতার গল্প, উন্মোচন করবেন শিল্পী হিসেবে তাঁর বিশিষ্টতার বিভিন্ন দিক। কাইয়ুম চৌধুরীর প্রিয় কয়েকটি রবীন্দ্রসংগীত গেয়ে শোনাবেন নন্দিত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
ফেনীতে এক খ্রিষ্টান মিশনারির পাদরি-কুটিরে কাইয়ুম চৌধুরীর জন্ম। বাবা আবদুল কুদ্দুস চৌধুরীর চাকরির সুবাদে কৈশোরে উপভোগ করেছেন রঙিন মফস্বল-জীবন। আকণ্ঠ তৃষ্ণা মিটিয়েছেন অসংখ্য নদী ও বর্ণময় নিসর্গের সৌন্দর্যে। পরবর্তী জীবনে এ সৌন্দর্যই উপচে পড়েছিল তাঁর চিত্রপটে। তিনি জন্মেছিলেন আবু তাহের মোহাম্মদ কাইয়ুম চৌধুরী হয়ে। বাহুল্য ছেঁটে দিয়ে নিজের নামটি করেছিলেন কাইয়ুম চৌধুরী। এই পরিমিতি ও সংযম গভীরভাবে স্পর্শ করেছিল তাঁর জীবন ও শিল্পকর্মকেও।
শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত ঢাকার সরকারি আর্ট স্কুলে ছাত্র হিসেবে ভর্তি হয়েছিলেন দ্বিতীয় ব্যাচে। সহপাঠী হিসেবে পেয়েছিলেন এ দেশের শিল্পকলার ভবিষ্যৎ দিকপাল রশিদ চৌধুরী, আবদুর রাজ্জাক ও মুর্তজা বশীরকে। ছাত্র দ্বিতীয় ব্যাচের, কিন্তু তিনি প্রথম প্রজন্মের সেই শিল্পীদলের একজন, যাঁদের হাতে বাংলাদেশের শিল্পকলা নিজস্ব বৈশিষ্ট্য, ভাষা ও রূপ পেয়েছে।
শিল্পী হিসেবে কাইয়ুম চৌধুরীর বিচিত্র রূপের অনুসন্ধান ও উদ্ভাবন চারুকলার সীমানা ছাপিয়ে গিয়েছিল। প্রচ্ছদ, অলংকরণ, অক্ষরচিত্রণ, গ্রন্থসজ্জা, পোস্টার পরিকল্পনা ইত্যাদি ব্যবহারিক শিল্পে তিনি অনন্য উচ্চতায় উঠেছিলেন। তাঁর প্রচ্ছদ রচনা ও বাংলা হরফের রূপকল্পনা হয়ে উঠেছিল এ দেশের প্রকাশনার উজ্জ্বলতম উপাদান। ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি গড়ে তুলেছেন বাংলাদেশের জনশিল্পের নিজস্ব ভাষা ও রুচি। ‘জনশিল্পের কিংবদন্তি’ প্রদর্শনীটি তাঁর সেই গ্রাফিক শিল্পকলার বৈচিত্র্যময় সমাহার। প্রদর্শনীতে শিল্পবস্তুগুলোর উপস্থাপন–পরিকল্পনা করেছেন কাইয়ুম চৌধুরীর দুই ছাত্র শিল্পী ওয়াকিলুর রহমান ও অশোক কর্মকার।
প্রথম আলোর জন্মলগ্ন থেকে কাইয়ুম চৌধুরী ছিলেন এর শিল্প উপদেষ্টা। এ পত্রিকার লোগো, পৃষ্ঠাসজ্জাসহ নানা নকশা তাঁর শিল্পসুষমায় লাবণ্যমণ্ডিত হয়েছে। তাঁর প্রচ্ছদ ও গ্রন্থভাবনায় প্রথমা প্রকাশনের বই হয়ে উঠেছে বিশিষ্ট। এ প্রদর্শনীতে স্থান পাবে তাঁর রচিত বিচিত্র সেই গ্রাফিক শিল্পসম্ভার। তাতে মিলবে কাইয়ুম চৌধুরীর বৃহত্তর গ্রাফিক শিল্পজগতের আভাস।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ও প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।