জাদুঘরে গণহত্যার স্মারক

বটিয়াঘাটার বাদামতলা গণহত্যায় নিহত হয়েছিলেন মাধবচন্দ্র বৈরাগী ও সৌরভী গোলদার। তাঁদের রক্তমাখা কাপড় সাক্ষী হয়ে আছে সেদিনের নিষ্ঠুরতার। মাধবচন্দ্রের পকেটে কিছু টাকা ছিল। সেই রক্তমাখা টাকা হয়ে আছে বুলেটের আঘাতে থমকে যাওয়া একটি মুহূর্তের স্মারক।
খুলনা শহরে একটি বিশেষ ধরনের জাদুঘরে এমন বহু নিদর্শনের সামনে দর্শনার্থীরা থেমে দাঁড়ান। তাঁদের সামনে ভেসে ওঠে ৪৬ বছর আগে বাংলাদেশ রাষ্ট্রের জন্মমুহূর্তের যন্ত্রণা আর চিৎকারের দিনগুলো। জাদুঘরের নাম ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’। বাঙালির মুক্তি, স্বাধীনতার স্পৃহা আর মুক্তিযুদ্ধকালের সবচেয়ে মর্মন্তুদ পর্ব গণহত্যা ও নির্যাতনের অসংখ্য নিদর্শন স্থান পেয়েছে জাদুঘরটিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনের উৎসাহে ২০১৪ সালের ১৭ মে ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী’ খুলনায় এ জাদুঘর ও আর্কাইভ প্রতিষ্ঠা করে। শুরুতে খুলনার ময়লাপোতা এলাকার শেরেবাংলা রোডের একটি বাড়ি ভাড়া নিয়ে এর কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৫ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে খুলনা নগরের ২৬ সাউথ সেন্ট্রাল রোডের দ্বিতল বাড়ি উপহার পেয়েছে প্রতিষ্ঠানটি। সেটি সংস্কার করে ২০১৬ সালের ২৬ মার্চ সেখানে স্থানান্তর হয় আর্কাইভ ও জাদুঘরটি।
জাদুঘর সূত্র জানায়, এটি দেশের একমাত্র গণহত্যা জাদুঘর। এটি খুলনায় স্থাপনের অন্যতম কারণ চুকনগর বধ্যভূমি এই জেলায় অবস্থিত। চুকনগরে ১৯৭১ সালের সবচেয়ে বড় ও নৃশংস গণহত্যাটি চালিয়েছিল পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা।
তবে শুধু খুলনা অঞ্চল নয়, মুক্তিযুদ্ধের সময় সারা দেশেই সংঘটিত বিভিন্ন গণহত্যার নিদর্শন জায়গা পেয়েছে এখানে। বিশিষ্ট চক্ষু চিকিৎসক শহীদ বুদ্ধিজীবী ডা. এ এফ এম আবদুল আলীম চৌধুরীর চিকিৎসার কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম, শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের পাজামা-পাঞ্জাবি ও নিজের হাতে লেখা পাণ্ডুলিপির কপি, বিবিসির সংবাদদাতা শহীদ নিজাম উদ্দিন আহমেদের ব্যবহৃত কোট এবং শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ব্যবহৃত শাড়ি ও কলম রাখা আছে এই জাদুঘরে। শহীদ পরিবারের সদস্যরা এগুলো জাদুঘরকে দান করেছেন।
এ ছাড়া আর্কাইভ ও জাদুঘরের ১০টি গ্যালারিতে সাজানো আছে মুক্তিযুদ্ধকালীন নির্যাতন ও ঐতিহাসিক মুহূর্তের প্রচুর আলোকচিত্র। সেখানে আছে ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের আলোকচিত্র, ২৫ মার্চ বাঙালি জাতির ওপর পাকিস্তানিদের নির্মম নির্যাতন, ১৬ ডিসেম্বর বিজয়ের মুহূর্তের আলোকচিত্র। এ ছাড়া মুক্তিযুদ্ধকালীন ঘটনার ওপর প্রকাশিত ম্যাগাজিন ও স্মরণিকাও স্থান পেয়েছে এখানে।
১৯৭১ সালের গণহত্যা-নির্যাতন, বধ্যভূমি ও গণকবর-সংক্রান্ত তথ্যভান্ডার গড়ে তোলা এবং গবেষণা করাই জাদুঘরটির মূল উদ্দেশ্য। পাশাপাশি প্রতিষ্ঠানটি বাংলাদেশের গণহত্যার বিশ্ব স্বীকৃতি আদায়ে অ্যাডভোকেসি করে যাচ্ছে।
‘১৯৭১ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের’ অধীনে এটি পরিচালিত হয়। ১১ সদস্যের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন। শিল্পী হাশেম খান সহসভাপতি। সম্পাদক ডা. শেখ বাহারুল আলম। লেখক-সাংবাদিক শাহরিয়ার কবিরসহ অনেক বিশিষ্টজন আছেন সদস্য হিসেবে।
জাদুঘরের উদ্যোগে বধ্যভূমি চিহ্নিতকরণ ও ফলক স্থাপনের কাজ চলছে। এরই মধ্যে খুলনা বিভাগে ২০টি বধ্যভূমি ও নির্যাতনকেন্দ্রে স্মৃতিফলক স্থাপন করা হয়েছে।
আর্কাইভ ও জাদুঘরের প্রধান নির্বাহী কাজল আবদুল্লাহ বলেন, সারা দেশে এক হাজারের মতো গণহত্যাস্থল চিহ্নিত করে তথ্য সংগ্রহ করা হয়েছে। গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট নামে প্রতিটি গণহত্যাস্থলের ওপর আলাদা বই প্রকাশ করা হচ্ছে। যার ৩১টি খণ্ড এর মধ্যে প্রকাশিত হয়েছে। কাজ চলছে আরও ২০টির। ত্রৈমাসিক পত্রিকা আর্কাইভ বার্তা প্রকাশ করা হচ্ছে নিয়মিত।